Home » ঘাট তৈরিতে নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ

ঘাট তৈরিতে নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ ঘাট তৈরিকে কেন্দ্র করে আর্থিক তছরুপের অভিযোগ। ফের একবার স্বজনপোষণের অভিযোগ। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী।সরব গ্রাম পঞ্চায়েতেরই শিল্প ও পরিকাঠামো উপ সমিতির সঞ্চালক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামের।

অভিযোগ, কালিন্দী নদীর বাঁধের পাশে রয়েছে একটি মিষ্টি জলের বিশাল পুকুর। সেই পুকুরের জলই স্থানীয় বাসিন্দারা নিত্তনৈমিত্তিক কাজে ব্যবহার করে থাকেন। পুকুরের একটি ঘাট রয়েছে জরাজীর্ণ অবস্থায়। মূল কাঠামোর থেকে অনেকটাই সরে গিয়েছে সেই ঘাটটি। পুকুরটির ব্যক্তিগত মালিকানা থাকলেও যেহেতু এই জলাশয়টি বহু মানুষ ব্যবহার করেন, তাই পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ঘাট সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাঁধ সেধেছে অন্য জায়গায়। পঞ্চায়েতের পক্ষ থেকে শামীম কনস্ট্রাকশন নামক এক সংস্থাকে টেন্ডার দেওয়া হয়। সংস্থার মালিক শাহানুর গাজি কাজ শুরু করেছিলেন। কিন্তু, ১৫ দিন পর তিনি জানতে পারেন সেই ঘাটের সংস্কার বাবদ বরাদ্দ অর্থ আগেই তুলে নেওয়া হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের সই করা টেন্ডারের নোটিশ তার কাছে থাকা সত্ত্বেও, জলি কনস্ট্রাকশন নামক একটি সংস্থা পঞ্চায়েত থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা তুলে নিয়েছে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের শিল্প এবং পরিকাঠামো উপ সমিতির সঞ্চালক মিতা মণ্ডল বিবি।  থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন গাজি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব বিজেপি নেতৃত্ব। তদন্তে নেমেছে পুলিশ।

About Post Author