Home » দিল্লিতে ইডি দফতরে রাহুলের হাজিরা নিয়ে ধুন্ধুমার

দিল্লিতে ইডি দফতরে রাহুলের হাজিরা নিয়ে ধুন্ধুমার

সময় কলকাতা ডেস্কঃ  সোমবার ইডি দফতরে সোনিয়া পুত্র রাহুলের অগ্নিপরীক্ষা। ন্যাশানাল হেরাল্ড মামলায় এদিন ইডি দফতরে হাজিরা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এদিকে ইডি তলবের প্রতিবাদে দেশজুড়ে মিছিল-প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছিল কংগ্রেস। কিন্তু, কংগ্রেসের সেই পরিকল্পনা কার্যত থমকে গেল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়, এমনটাই জানায় দিল্লি পুলিশ।

তবে, কংগ্রেস সাংসদের ইডি হাজিরার আগে উত্তপ্ত হয়ে পড়ে দিল্লি। পরিকল্পনা অনুযায়ী সত্যাগ্রহ মিছিলের আয়োজন করেছিল দিল্লি কংগ্রেস। তবে, পুলিশ তাঁদের পথ আটকায় বলে অভিযোগ। পুলিশ এবং কংগ্রেস কর্মী সমর্থকদের বচসায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। মিছিলের অনুমতি না থাকায় একাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ন্যাশানাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে। তবে, রাহুল গান্ধির এটা দ্বিতীয় তলব। এর আগে ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে পারেননি। তারপরেই চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান তিনি। তারপরেই ১৩ জুন দ্বিতীয়বার রাহুলকে তলব করে ইডি। শুধু রাহুল নন, আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা সোনিয়া গান্ধিরও।

About Post Author