সময় কলকাতা ডেস্কঃ অতিবর্ষণের জেরে বেহাল পরিস্থিতি উত্তরবঙ্গে। রাতভর বৃষ্টিপাতের জেরে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। বিপদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে তিস্তা। পিছিয়ে নেই জলঢাকাও। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিস্তা সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে ভাঙন দেখা দিয়েছে। নষ্ট হয়েছে চাষের জমি। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বুধবারই নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরাও। দীর্ঘক্ষণ ধরে এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁরা কথা বলেন এলাকাবাসীর সঙ্গেও। বন্যা পরিস্থিতি তৈরি হলে বানভাসিরা কোন কোন ফ্লাড সেন্টারে আশ্রয় নেবেন, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি, বন্যা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়।

অন্যদিকে কোচবিহারে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া। একটানা দুদিনের বৃষ্টিপাতের জেরে জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। মালদহতেও বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়েছে বষ্টিপাত। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। দুর্বল জল নিকাশি ব্যবস্থার কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ভুটানেও জল বাড়ায় জলঢাকা নদীর সংরক্ষিত অঞ্চলেও জারি হয়েছে হলুদ সতর্কতা। সেই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী