Home » শুক্রবার ফের তলব রাহুলকে!

শুক্রবার ফের তলব রাহুলকে!

সময় কলকাতা ডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে টানা ৩ দিন প্রায় ৩০ঘন্টা জেরা করেও সন্তুষ্ট নয় ইডি। একদিনের বিরতি দিয়ে শুক্রবার ফের তলব করা হয় ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। জানা গিয়েছে, শুক্রবার দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে রাহুল গান্ধীকে। অন্যদিকে কংগ্রেস নেতাকে বারবার ইডির তলবের প্রতিবাদে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রাহুলের পাশে দাঁড়ান মমতা একটা সময় একের পর এক তৃণমূল নেতাকে সিবিআই-ইডির তলবের সময় চুপ ছিল কংগ্রেস, অথচ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে বারবার ইডি জেরার নিন্দায় সরব তৃণমূল সুপ্রিমো। তবে কি নতুন সমীকরণের ইঙ্গিত? তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে সোম ও মঙ্গলবারের পর রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে বুধবারও বিরোধিতা করেন অধীর চৌধুরী, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অজয় মাকেনের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। বিজেপি ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিকে ইডি দফতরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস সমর্থকেরা। পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি চলে। কংগ্রেসের সদর দফতরের বাইরে জারি হয় ১৪৪ ধারা। কিন্তু তাতে ঝামেলা এড়ানো যায়নি। অভিযোগ, কংগ্রেসের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে রাহুলকে ইডির এই লাগাতার হেনস্তার প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সূত্রের খবর, ইডির জেরার মুখে রাহুল জানিয়েছেন, ইয়ং ইন্ডিয়া সংস্থা থেকে এক টাকাও নেননি তিনি।

উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে। এর আগেও ২ জুন ইডি তলব করে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। কিন্তু বিদেশে থাকার কারণে সেসময় তিনি হাজিরা দিতে না পারায় চিঠি লিখে ইডির কাছে ফের সময় চান রাহুল গান্ধী। তারপরেই ১৩ জুন থেকে ১৫ জুন টানা হাজিরা দেন রাহুল। শুধু রাহুল নন, আগামী ২৩ জুন হাজিরা দেওয়ার কথা রয়েছে সোনিয়া গান্ধীরও।

About Post Author