সময় কলকাতা ডেস্কঃ এআইডিওয়াইও ( AIDYO) ও এআইডিএসও (AIDSO) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে কলকাতার হাজরা মোড়ে কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে ছাত্র – যুবদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিতে বিশাল পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে। তারা টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তোলার সময় বেধড়ক মারধোর করে। ছাত্রী ও যুব মহিলা কর্মীদের সাথে অশালীন আচরণ করে। এআইডিওয়াইও ( AIDYO) ও এআইডিএসও (AIDSO) রাজ্য সম্পাদক মলয় পাল ও মণিশঙ্কর পট্টনায়ক সহ ৩৪ জন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করে।
এআইডিওয়াইও রাজ্য সম্পাদক মলয় পাল ও এআইডিএসও-র রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়ক এক যৌথ বিবৃতিতে বলেন, “ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হলেও আমরা পশ্চিমবঙ্গে অদ্ভুত ভাবে দেখলাম যে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে চ্যাম্পিয়ান সাজার চেষ্টায় যে তৃণমূল সদা ব্যস্ত, তারই সরকার বেকারদের স্বার্থ বিরোধী বিজেপি সরকারের একটা নীতির বিরুদ্ধে প্রতিবাদরত বিক্ষোভকারীদের দিকে পুলিশ লেলিয়ে দিল।পুলিশ দিয়ে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা চালাতেও দ্বিধা করলো না। আমরা রাজ্য সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে গ্রেফতার হওয়া প্রতিবাদীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “দেশজোড়া প্রবল বেকারির মধ্যে সরকারি ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি না করে, কেন্দ্রীয় সরকার ক্রমাগত পদের বিলোপ ঘটিয়ে চলেছে। ‘অগ্নিপথ’ সেই রকমই একটি প্রকল্প। ২০১৪ সালে ক্ষমতায় বসার পরই নরেন্দ্র মোদি সরকার এক ধাক্কায় সেনাবাহিনীতে প্রায় ২০ হাজার পদের বিলুপ্তি ঘটিয়ে বছরে ৬৫ হাজার থেকে ৪৬ হাজারে নামিয়ে এনেছিল। আর বর্তমানে বছরে প্রায় ৩৫ হাজার সেনাবাহিনীর স্থায়ীপদ তুলে দিয়ে চুক্তি ভিত্তিক করে দিল। এই সিদ্ধান্ত বেকার যুব সমাজের কাছে স্বার্থ বিরোধী। দেশ ও দেশবাসীর নিরাপত্তা সম্পর্কে কতটা উদাসীন হলে সেনাবাহিনীতে নিয়োগ চুক্তি ভিত্তিক হতে পারে ? দেশের সুরক্ষা কি এর দ্বারা বিঘ্নিত হবে না। আমরা চাই সেনাবাহিনীর সবক্ষেত্রেই স্থায়ী নিয়োগ। তিনি আরও বলেন, দেশের সর্বত্র বিজেপি সরকার ছাত্র-যুবকদের বিক্ষোভকে দমন করার নামে যে বর্বরতায় লাঠি গুলি টিয়ারগ্যাস নিয়ে আক্রমণ করছে তা অত্যন্ত নিন্দাজনক। ইতিমধ্যেই পুলিশি এই আক্রমণে দুজন মারা গেছেন। যার ফল অত্যন্ত মারাত্মক। তিনি জনবিরোধী এই স্কিম বাতিলের দাবিতে সর্বত্র শান্তিপূর্ণ সংগঠিত ছাত্র-যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।”
এদিন প্রতিবাদরত নেতা কর্মীদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আগামীকাল রবিবার সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের