সময় কলকাতা ডেস্কঃ ফের দলীয় কন্দোল প্রকাশ্যে এল তৃণমূলের। সঙ্গীত শিল্পী কেকে-এর কলেজ ফেস্ট অনুষ্ঠান নিয়ে সৌগত রায়ের করা মন্তব্যের জবাব দিতে গিয়ে বিধায়ক মদন মিত্র বলেন সৌগত রায়ের বয়স হয়ে গেছে বার্ধক্য এসে গেছে। তাই বয়স্ক মানুষ হিসাবে কখন কোথায় কী মন্তব্য করছেন তা নিয়ে অযথা জলঘোলা না করে ঠিক বা ভুল এর বিচার না করে শুনে নেওয়া উচিত। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সুরেন্দ্রনাথ কলেজে কেকে-এর প্রোগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের মোটা টাকা খরচ করা নিয়ে যে কটাক্ষ করেছিলেন সৌগত রায়, তারই প্রত্যুত্তরে এদিন মদন মিত্র তোপ দাগেন দলীয় সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে।
এদিন রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র আরও বলেন, সৌগত রায়ের সমস্যাটা হল যখন যে কথাটা যেখানে বলার প্রয়োজন থাকে উনি তখন সেই কথা সেখানে না বলে পর্দার আড়ালে চলে যান। আবার সেই কথাটাই কদিন পরে যেখানে বলা উচিত নয় সেখানে মন্তব্য করে উনি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে চান। তাই সৌগত রায়ের কথার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের কেকে এর প্রোগ্রামে মোটা টাকা খরচ নিয়ে যে কটাক্ষ করেছিলেন সৌগত বাবু তার প্রত্যুত্তরে এদিন মদনবাবু বলেন যদি সমস্ত খরচ খরচা হিসাব-নিকাশ ঠিক রেখে মানুষের কাছ থেকে সাহায্যের অর্থ নিয়ে কেউ কোনো অনুষ্ঠান করে তবে তাতে ক্ষতির কিছু নেই। তৃণমূল কংগ্রেস আর যাই হোক তোলাবাজি করে না। তোলাবাজির টাকায় এ ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে না বলেও এদিন সাফাই দেন মদন মিত্র।
এদিন তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন তৃণমূলের একুশে জুলাইয়ের অনুষ্ঠান প্রসঙ্গে, তখন মদন মিত্র সেই প্রসঙ্গে সৌগত রায়ের করা মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে বলেন সামনে একুশে জুলাই এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে তৃণমূল কংগ্রেসের। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে একুশে জুলাই এর সাফল্য নিয়ে চিন্তা ভাবনা ছেড়ে অহেতুক তৃণমূল ছাত্র পরিষদের কলেজের প্রোগ্রামের খরচ খরচা নিয়ে জলঘোলা না করাই বাঞ্ছনীয় সৌগত বাবুর।
একই সঙ্গে মদনবাবু কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে বলেন,, কেন্দ্রীয় সরকার যেমন নুপুর শর্মার বেফাঁস মন্তব্যের জেরে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অগ্নিপথের মশাল জ্বেলে দিল। ঠিক সেই ভাবেই সৌগত বাবু ও একুশে জুলাই ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদের সমালোচনা করে বসলেন। এটা না করাই বাঞ্ছনীয় বলে আরো একবার তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়কে পরামর্শ দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?