Home » কন্যাশ্রী প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ

কন্যাশ্রী প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ

সময় কলকাতা ডেস্কঃ কন্যাশ্রী প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ। অভিযোগের তির মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কন্যাশ্রী ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল মোবিনের দিকে। অভিযোগ অভিভাবকদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসায় কন্যাশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে আসছিল। কখনও ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে পুরো টাকাটাই আত্মসাৎ করা, আবার কখনও স্কুলের সঙ্গে যোগসাজশে কন্যাশ্রী প্রকল্পের মেয়েদের কাছ থেকে ব্যাপক পরিমাণে টাকা আদায় করা হচ্ছিল। কন্যাশ্রী প্রকল্পের অধীনে রাজ্য সরকারের থেকে পাওয়া ২৫,০০০ টাকার মধ্যে কখনও ৫ হাজার টাকা, কখনও ১০ হাজার টাকার বেনিময় উঠেছে।

অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি। বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। যদিও, অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। জানিয়েছেন শাসকদলের নেতৃত্ব।

প্রসঙ্গত কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের এক গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধেও বন্যা ত্রাণের টাকার ব্যাপক নয় ছয় করার অভিযোগ উঠেছিল। ওই কর্মীর একাউন্টে বেআইনি ভাবে ৬৯ লক্ষ টাকা ঢুকানো হয়েছিল বলে অভিযোগ। তারপরেই এবার কন্যাশ্রী প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ। বেশ অস্বস্তিতে শাসকদলের নেতৃত্ব।

About Post Author