চুমকী সূত্রধর, সময় কলকাতা : পুরভোটে বাংলাজুড়ে তৃণমূলের জয়জয়কার লক্ষ্য করেছিল দেশবাসী। সবুজ আবিরে ঢেকেছিল গোটা রাজ্য। উপনির্বাচনে পুরভোটের উপনির্বাচনের ফলাফলে তৃণমূলের প্রাধান্য থাকলেও বাম, কংগ্রেস শূন্যহাতে ফেরে নি। ছটি উপনির্বাচনের চারটিতে জয়ী তৃণমূল, একটিতে জয়ী কংগ্রেস, অন্যটিতে জয়ী সিপিএম। তবে বিজেপি এই পুরনির্বাচনে শূন্য হাতেই ফিরেছে।আক্ষরিক অর্থেই উধাও পদ্মফুল।

পুরভোটের ফলাফল ঘোষণার পরেই খুন হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। তাঁর মৃত্যুর পরে সেই আসনেই উপনির্বাচন হয় ২৬ জুন। স্বামীর মৃত্যুর পর শাসকদলের হয়ে প্রার্থী হয়েছিলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। প্রাপ্ত ভোট ৩১৫৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সুরজিত্ মুখোপাধ্যায়। ২২৭৩ ভোটের ব্যবধানে জয়ী হন মীনাক্ষী দত্ত।
উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় জয়ী হয়েছে তৃণমূল।১৩৮৯ টি ভোট পেয়ে জয়ের হাসি হাসেন ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কনকলতা দাস। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএমের প্রার্থী।জয়ের ব্যবধান ১১৭১।
দমদম পুরসভায় জয়ী ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস রায়। তাঁর প্রাপ্ত ভোট ৩৪৫৯। জয়ের ফলে বেশ উচ্ছ্বসিত তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী শান্তনু বর্ধণ, তাঁর প্রাপ্ত ভোট ৭১২। ২৭৪৭ ভোটের ব্যবধানে জয়ী হন তাপস রায়।
দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ১০৪৮৩ টি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। ৯৫৩২ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।যদিও, বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে।দলীয় প্রার্থীদের জয়ে উচ্ছ্বসিত তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।
চারিদিকে ঘাসফুল শিবিরের জয়ের মাঝেও পুরুলিয়ার ঝালদা পুরসভায় ফের একবার জয়ের হাসি হাসল কংগ্রেস। পুরভোটে জয়লাভের পর খুন হয়েছিলেন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর কাউন্সিলর তপন কান্দু। তার ওয়ার্ডেই এবার প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। এবার ৯৩০ ভোট পেয়ে জয়ী হন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক। ৭৭৮ ভোটে পরাজিত হন তিনি।

চন্দননগর পুরনিগমের উপনির্বাচনে উড়ল লাল আবির।বামেদের উত্থানের ইঙ্গিত মিলেছিল পুরনির্বাচনে। এখানে এবার উপনির্বাচনে জয়ের হাসি হাসলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। প্রাপ্ত ভোট ১০১৮ টি। তৃণমূল প্রার্থী সুজিত কুমার নাথকে ১৩০ ভোটে পরাজিত করেন তিনি।
পুরভোটে সার্বিক ফলাফলে প্রতীয়মান বিজেপি পায়ের তলার মাটি হারাচ্ছে। বামেদের উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ একটি পুরওয়ার্ডে জয় ও তিনটিতে দ্বিতীয় স্থানে উঠে আসা। তৃণমূলের জয়জয়কারের মধ্যেও উপনির্বাচনের ফল বিজেপিকে সরিয়ে রাজ্যে প্রধান বিরোধী হিসেবে বাম উত্থানের ইঙ্গিতবাহী।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?