সময় কলকাতা ডেস্কঃ শেষ পর্যন্ত সব জল্পনার অবসান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে।এ কথা নিজেই ঘোষণা করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তিনি জানাচ্ছেন বালাসাহেব ঠাকরেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। বৃহস্পতিবারই সন্ধ্যা ৭টা নাগাদ শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রে এই পালা বদল নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল নাটকের পর নাটক। বুধবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। এরপরই খুশির হাওয়া বয়ে যায় বিজেপি শিবিরে। এই পরিস্থিতিতে সরকার গড়ার আবেদন জানাতে রাজভবনে গিয়েছেন শিণ্ডে ও ফড়ণবিস। জল্পনা ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবিস। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে। কিন্তু শেষ মুহূর্তে চমক দিলেন দেবেন্দ্র ফড়ণবিস। তাঁর মাস্টার স্ট্রোকে তিনি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হচ্ছেন শিণ্ডে। নয়া মন্ত্রিসভায় থাকতে পারেন বিজেপির ২৫ জন ও শিণ্ডের অনুগামী ১৩ জন। আর এখানেই বিধায়কের সংখ্যা তত্ত্বের বিচারে ব্যাটন কার হাতে থাকবে তা সহজেই অনুমেয়।

উল্লেখ্য়, বেশ কয়েকদিন থেকেই একনাথ শিণ্ডে ‘বিদ্রোহী’ হওয়ার পর থেকেই ‘সিঁদুরে মেঘ’ দেখেছিলেন উদ্ধব ঠাকরে শিবির। শিণ্ডে তাঁর অনুগামীদের নিয়ে সোজা চলে যান গুয়াহাটির হোটেলে। তারপর থেকেই শুরু হয় নানা জল্পনা। শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে যায়, শিণ্ডেই মহারাষ্ট্রের রাজনীতিতে আসল ম্যান ফিগার। তাঁর অনুগামীরা উদ্ধবের হাত ছেড়ে গেরুয়া শিবিরে ভেড়ার পর আর কোনও আশাই ছিল না উদ্ধব শিবিরের। অবশেষে বুধবার রাতে হাল ছাড়ার সিদ্ধান্ত নেন প্রবীণ শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে।
‘১৯-এর শেষে নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচনে লড়েছিল শিবসেনা। সর্বাধিক আসনে জয়লাভ করেছিল পদ্ম শিবির। তবে সরকার গড়ার সমীকরণ নিয়ে জট না খোলায় দ্বিতীয় সর্বোচ্চ আসনে জেতা শিব সেনা জোট বাঁধে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে। সরকারও গড়ে তারা।কিন্তু তখন থেকেই সুযোগের অপেক্ষায় ছিল পদ্ম শিবির। অবশেষে সুযোগের সদ ব্যবহার করতে দ্বিধা করেন নি বিজেপি। বকলমে ফের ক্ষমতায় প্রত্যাবর্তন হল বিজেপির।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?