Home » বিজেপির পরবর্তী লক্ষ্য এনসিপি?

বিজেপির পরবর্তী লক্ষ্য এনসিপি?

সময় কলকাতা ডেস্কঃ বিজেপির অপারেশন মুম্বই কার্যত সফল। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দিয়ে সরকার গঠনের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। কার্যত বিজেপির চালে মাত হয়েছে উদ্ভব ঠাকরের শিবসেনা। রাজনীতির দাবা খেলায় একনাথ শিন্ডেকে কার্যত বোড়ে হিসেবে ব্যবহার করেছে বিজেপি নেতৃত্ব। আর সেই বোড়েকে ব্যবহার করে রাজাকে মাত দিয়েছে বিজেপি। রাজনৈতিক শিবিরের মতে এবার বিজেপির লক্ষ্য এনসিপি। কারণ এনসিপি নেতা শারদ পাওয়ারের একক প্রচেষ্টাতেই তিন বছর আগে মুম্বইয়ের দখল নিতে পারেনি বিজেপি। মূলত শরদ পাওয়ারের কারণেই শিবসেনা কংগ্রেস এবং এনসিপি সরকার গঠন করেছিল। তিন বছর ধরে বিজেপি নেতৃত্ব ক্রমাগত চেষ্টা করে গেছে মহারাষ্ট্রের সরকার ফেলার। মূলত শিবসেনার প্রধান উদ্ভব ঠাকরের রাজনৈতিক অদূরদর্শিতা এবং দলীয় বিধায়কদের ক্ষোভকে কাজে লাগিয়েছে বিজেপি। এনসিপি নেতা শরদ পাওয়ার আবার চেষ্টা করতে পারে নতুনভাবে ক্ষমতা গ্রহণ করতে চলা বিজেপি সরকারে ফাটল ধরানোর। ইতিমধ্যেই উদ্ভব ঠাকরের শিবসেনা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়কেরা। শিবসেনা কার? এটাই এখন মুম্বইয়ের সবচেয়ে বড় প্রশ্ন।

মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাদি সরকারের পতনের পর এনসিপির ভাঙ্গন ধরাবে বিজেপি এ কথা মানছেন রাজনৈতিক শিবির। এমনিতেই কেন্দ্রীয় একাধিক তদন্তকারী সংস্থাকে বিজেপি কাজে লাগাচ্ছে বিজেপি বিরোধী শক্তিকে ধূলিসাৎ করার জন্য এই অভিযোগ বিরোধীরা তুলেছেন বারবার। গত আড়াই বছর ধরেই কেন্দ্রীয় এজেন্সির চাপে অস্বস্তিতে রয়েছে এনসিপি। প্রাক্তন দুই নেতা নবাব মালিক এবং অনিল দেশমুখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা এখন জেলে রয়েছেন। অজিত পাওয়ারের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে এনসিপির প্রাক্তন মন্ত্রী হাসান মুসরিফের চিনিকলে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে ২০০৭ সালের একটি কেস নিয়েও সম্প্রতি তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন এনসিপির একাধিক নেতা। এনসিপির বিভিন্ন বড় মাপের নেতারা অভিযোগ তুলেছেন বিজেপির তরফ থেকে লোভনীয় প্রলোভন দেওয়া হচ্ছে তাদের একাধিক নেতাকে। ফলে এনসিপিকে কার্যত ছিন্নভিন্ন করার উদ্দেশ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব একথা মানছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

About Post Author