Home » মুখ্যমন্ত্রীর সই “নকল”করা চিঠি পেয়ে ঘুম উড়েছে রেশন ডিলারের

মুখ্যমন্ত্রীর সই “নকল”করা চিঠি পেয়ে ঘুম উড়েছে রেশন ডিলারের

সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রীর চিঠি দেখে ঘুম উড়েছে শ্যামনগরের রেশন ডিলার দেবাশীষ ব্যানার্জীর । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেটার-প্যাডে মুখ্যমন্ত্রী রেশনিং অফিসারকে নির্দেশ দিয়েছেন দেবাশীষ ব্যানার্জীকে সাসপেন্ড করতে। আর এই নিয়েই শোরগোল পড়ে যায়। স্থানীয় পুরপিতার অনুমান , মুখ্যমন্ত্রীর সই জাল করে ভুয়ো নির্দেশ দেওয়া রয়েছে চিঠিতে। ‘নকল’ সইসাবুদ সহ ‘ জাল’ চিঠির কারিগর ধরতে তদন্ত করা হবে বলেই জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাডে মুখ্যমন্ত্রীর সই করা নকল চিঠি ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় শ্যামনগরের ৬৬৭ নম্বর রেশন শপে। অভিযোগ ৬৬৭ নম্বর রেশন দোকান মালিক দেবাশীষ ব্যানার্জীর কাছেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে লেখা একটি চিঠি আসে। সেই চিঠিতে দেবাশীষ ব্যানার্জী ও ৯৩৪ নম্বর রেশন দোকান মালিক নিখিল ঘোষের নাম উল্লেখ ছিল।চিঠির বক্তব্য অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিযোগ রেশন ট্যারিফ না দেওয়ার। মুখ্যমন্ত্রীর সই নকল করা চিঠিতে রেশনিং অফিসারকে লেখা ছিল,”ডিয়ার গৌতম,  এই রেশন দোকান দুটি তদন্ত করে তাদের লাইসেন্স বাতিল করুন ।” এই চিঠি পাওয়ার পর রেশন ডিলার দেবাশীষ ব্যানার্জী থ হয়ে যান । পাশাপাশি গত মাসের ২৮ তারিখ তাঁর দোকানে আসে ভিজিলেন্স দপ্তরের লোকজন।রেশন ডিলার সংবাদমাধ্যমকে বলেন এভাবে বিভ্রান্তি তৈরি করে তাকে ফাঁসাতে চাইছে।

এ প্রসঙ্গে স্থানীয় পৌরপিতা সুখেশ বিশ্বাস জানিয়েছেন, ডিলারের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে মমতা ব্যানার্জির প্যাডে তার সই নকল করে কেউ বা কারা রেশন দোকান মালিককে  ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ হিসেবে তিনি বলেন নবান্নর চিঠি পাঠানো হয়েছে শ্যামনগর পোস্ট অফিস থেকে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তাঁর মতে,মমতা ব্যানার্জির লেটার প্যাড ও সই নকল করা গুরুতর অপরাধ। ঘটনার সমস্ত বিষয়টির তদন্ত করবে পুলিশ প্রশাসন।।

About Post Author