সময় কলকাতা দিবসঃ ২১ শে জুলাই,তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা ইতিমধ্যেই এই সভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। জোরকদমে চলছে দেওয়াল লিখন ও কর্মীসভা। আর এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে এবার রাজনৈতিক বিতর্ক দেখা দিল মালদহের হরিশ্চন্দ্রপুরে। এই ঘটনার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
হরিশ্চন্দ্রপুর এলাকার বিজেপি কর্মীদের বাড়ির দেওয়াল জোর করে দখল করে ২১ জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করা হচ্ছে। এমনটাই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বদের। তাদের দাবি, সামনে পঞ্চায়েত ভোট। সে কারণে এলাকায় প্রভাব বিস্তার করতেই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এলাকায় গুন্ডামি আরম্ভ করেছে। এমনকী বাধা দিতে গেলে বিরোধী দলের জুটছে হুমকি। এদের ভয়ে বিজেপির কর্মীরা অনেকেই প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছেন, এমনটাই অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের। পাশাপাশি অভিযোগ উঠেছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান। তিনি জানান, ‘আমরা এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে একুশে জুলাই জনসভার জন্য দেওয়াল লিখন করছি। এলাকার বিভিন্ন বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে। প্রত্যেকের কাছ থেকেই আমরা অনুমতি নিয়ে তবে লিখছি। বিজেপির পায়ের তলার মাটি নেই তাই ভিত্তিহীন অভিযোগ তুলছে। কিছু বিজেপি কর্মীর বাড়ির দেওয়ালেও লেখা হয়েছে। আমরা এই ভাবে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করছি। যদি আগামী দিনে ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে, সেই দরজাও খোলা রাখছি।’

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর অঞ্চলের এক বিজেপি কর্মী বুদ্ধ ঘোষ জানান, ‘তৃণমূল নেতা বুলবুল খান আমার বাড়িতে এসেছিল। তারা আমার বাড়ির দেওয়ালে ওদের দলের জনসভার দেওয়াল লিখন করার জন্য আমার কাছে অনুমতি চায়। আমি ওদের দেওয়াল লিখানোর জন্য অনুমতি দিয়েছি।’ অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষান কেডিয়া জানান, ‘হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন অঞ্চলে এলাকার বিজেপি কর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে তৃণমূল কংগ্রেস তাদের দলে টানার চেষ্টা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। নিজেদের প্রভাব বিস্তার করতেই তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে।’


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু