Home » ডাক্তারের স্টেথোস্কোপ ছেড়ে সিনেমা প্রেমেই তিনি বাংলার অন্যতম সেরা নায়ক

ডাক্তারের স্টেথোস্কোপ ছেড়ে সিনেমা প্রেমেই তিনি বাংলার অন্যতম সেরা নায়ক

সময় কলকাতা ডেস্ক: সিনেমা স্রেফ ভালোবেসেই শুটিংপাড়ায় পা রেখেছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। ডাক্তারি পেশাকে একপাশে সরিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতেই তিনি বেশি স্বচ্ছন্দবোধ করতেন। এই ভালোবাসার টানেই উত্তমকুমার নামক মহীরূহের ছায়ায় শুভেন্দু ছিলেন সদা প্রাণোচ্ছ্বল। আর আজ তাঁর মৃত্যুদিনে জেনে নিই কিছু কথা,

১৯৬০ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এরপর সিভিল ডিফেন্স এবং কলকাতা পুরসভাতেও চাকরি করেন। কিন্তু মন পড়ে থাকত রুপোলি পর্দায়। ঠিক সেই সময় দেখা প্রখ্যাত অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সঙ্গে।

১৯৬৫ সালে মৃণাল সেনের আকাশ কুসুম ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করেন শুভেন্দু। ১৯৬৭ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সুযোগ আসে। প্রথমবার মহানায়কের সঙ্গে স্ক্রিন শেয়ারও করেন তিনি।

এরপর ১৯৬৮-তে চৌরঙ্গী। আরও একটি কালজয়ী সিনেমা মহানায়কের সঙ্গে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি শুভেন্দুকে। অরণ্যের দিনরাত্রি থেকে গণশত্রু, ছদ্মবেশি থেকে আবার অরণ্যে তাঁর অভিনয় সবসময়ই বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। ইন্ডাস্ট্রিতে শুভেন্দুর সঠিক মূল্যায়ন হয়েছে কিনা, সে প্রশ্ন আজকের দিনে বরং থাক, লাইট, ক্যামেরা, অ্যাকশন আর স্টেথোস্কোপে শুভেন্দু সর্বদা উজ্জ্বল স্বমহিমায়।

About Post Author