সময় কলকাতা ডেস্কঃ প্রাইমারির চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আদিবাসী নেতা সুকান্ত মাহাতো ওরফে গোপালের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বনগাঁ থানায়।
প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ দায়ের করা হয় বনগাঁ থানায়। শিমুলতলার বাসিন্দা প্রশান্ত কুণ্ডু ও তাঁর মেয়ে পারমিতা কুণ্ডু অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বনগাঁয়। তাদের অভিযোগ, সুকান্ত মাহাতো বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, মাধ্যমিক পাশ মেয়েকে প্রাইমারি স্কুলের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু চাকরি পাইয়ে দেওয়ার জন্য যে সময়সীমা তিনি দিয়েছিলেন সেই সময় পার হলেও চাকরি পায়নি তার মেয়ে। সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইলে তাকে হুমকি দিচ্ছেন এমনটাই অভিযোগ জানিয়েছেন প্রশান্ত কুন্ডু। উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে।

সুকান্ত মাহাতোর নামে দায়ের হওয়া অভিযোগ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ জানান, ‘অভিযোগ হলে তা বিচারাধীন বিষয়, বিচারক বিচার করে সে অপরাধী কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিকে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বনগাঁ সংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, শুধুমাত্র চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া নয়, চাকরির বদলি করে দেওয়ার নাম করেও টাকা নিয়েছে তৃণমূলের এই নেতা। চাকরি পাইয়ে দেওয়ার নামে বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে। তারপরও ঘটে চলেছে এই ধরণের ঘটনা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে সকলের তরফে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী