সময় কলকাতা ডেস্কঃ আকাশে আছে মেঘ। দেখা মেলে না বৃষ্টির। ধান রোপন করার বদলে মাথায় হাত পড়েছে পাটচাষীদের। উপায় না দেখে তাই ব্যাঙের বিয়েই ধুমধাম করে দিয়ে দিলেন ধূপগুড়ির ভেমটিয়া এলাকার বাসিন্দারা।
আবহাওয়ার খামখেয়ালিপনায় উদ্বেগ বাড়ছে কৃষকদের। যে সময় ধান রোপণ করার দরকার, সেই সময় তাঁদের হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে। কারণ ঝমঝমিয়ে বৃষ্টি না হলে চাষের কাজ যে এগোবে না। এমনকী পাট পচানোর মত জলটুকুও নেই। নালা, জলাশয় থেকে জল টেনে কাহাঁতক চলে। এই সবের মাঝে ধূপগুড়ির ভেমটিয়া এলাকার গ্রামবাসীরা ঠিক করলেন ধুমধাম করে ব্যাঙের বিয়ে দেবেন। তাতে হয়ত মেঘ ভেঙে বৃষ্টি আসলেও আসতে পারে। বুধবার সেই অভিনব বিয়ের ভোজ খেতে উপস্থিত শতাধিক মানুষ।

রীতিমতো ব্যান্ডপার্টির বাজনা বাজিয়ে নাচ, গান করে আর পাঁচটা বিয়ের অনুষ্ঠানের মত জমে উঠেছিল ব্যাঙের বিয়ের আসর। রীতিমতো পাত পেড়ে খিচুড়ি, সবজি ও আলুভাজা খেলেন আমন্ত্রিত অতিথিরা। কিন্তু বিয়ে তো হল, খাওয়াও হল, মজাও হল। এতে মেঘ ভাঙা বৃষ্টি আসবে তো? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস কিন্তু সেই সুখবরের আশা এখনই দিতে পারছে না। তাই আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া কৃষকদের আর কোনও উপায়ই নেই।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর