সময় কলকাতা ডেস্কঃ রবিরার ভোরের আলো ফুটতেই রক্তাক্ত হল উপত্যকা। লাগাতার জঙ্গি অনুপ্রবেশের কারণে ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা। বিন্নের এলাকায় রবিবার ভোর থেকে চলছিল তল্লাশি অভিযান। আচমকাই সেই অভিযানে হামলা করে জঙ্গিদের একটি দল। নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের জেরে শহিদ হয় নিরাপত্তা বাহিনীর বিশ্বস্ত অ্যালেক্স। জানা গিয়েছে, তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান দিয়ে সম্পন্ন হবে শেষকৃত্য।
অন্যদিকে, এই হামলায় মৃত্যু হয়েছে এক জঙ্গির। সংবাদসংস্থা সূত্রে খবর, ওই জঙ্গির থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। যদিও গোটা দলটিকে পাকড়াও করতে এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। শনিবারই জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছিল আরও এক জঙ্গি। গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন এক পুলিশকর্মী। সেই অভিযানের পরই ফের বারামুল্লায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গির নাম ইরসাদ আহমেদ ভাট। বারামুল্লার পাট্টান জেলারই বাসিন্দা ছিল ওই যুবক। একটি একে ৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। ২০২২ এ জঙ্গি সংগঠনে নাম লেখানোর পর থেকেই মে মাস থেকেই সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?