সময় কলকাতা ডেস্কঃ ফের মর্মান্তিক গ্যাস দুর্ঘটনা বিশাখাপত্তনমে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলার অচ্যুতাপুরম এলাকায় একটি জামা কাপড় তৈরির কারখানায় গ্যাস দুর্ঘটনাটি ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কমপক্ষে ১৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে,অসুস্থ কর্মচারীদের মধ্যে সকলেই মহিলা। শুধু তাই নয়, তাঁদের অনেকেই গর্ভবতী। দুর্ঘটনার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। পাশাপাশি গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আনাকাপল্লের পুলিশ সুপার জানান, ব্র্যান্ডিক্স নামে একটি কাপড়ের কারখানা রয়েছে ওই এলাকায়। মঙ্গলবার রাতে দুর্ঘটনার সময়ে শিফটে প্রায় ৪০০ জন কর্মী ছিলেন। বস্ত্র প্রস্তুতকারক ওই কারখানার কর্মীরা প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থবোধ করতে শুরু করেন। এরপরই বমি শুরু হয় কর্মীদের। বেশ কয়েকজন জ্ঞানও হারায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানা চত্বর সহ আশেপাশের এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। অসুস্থ কর্মীদের প্রথমে স্পেশাল ইকোনমিক জোনের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তরিত করা হয় তাদেরকে।
উল্লেখ্য, এর আগেও ৩ জুন ওই শিল্পাঞ্চলে একটি রাসায়নিক পরীক্ষাগারে গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। সেসময় অন্তত ২০০ জন মহিলা কর্মী অসুস্থ হয়েছিলেন। ফরেন্সিক পরীক্ষার পর আধিকারিকেরা জানান, অ্যামোনিয়া গ্যাস লিক করেই দুর্ঘটনাটি ঘটেছিল। তারপরই অন্ধ্রপ্রদেশ দূষণ পর্ষদ পরীক্ষাগারটিকে বন্ধ করার নির্দেশ দেয়।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?