সময় কলকাতা ডেস্ক : ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু ভারতের সামরিক বাহিনীতে চাকরি করা বাবার রোজগার তেমন ছিল না। তাই ব্যাট হাতে নেওয়ার স্বপ্নকে ছোটবেলাতেই জলাঞ্জলি দিয়ে পায়ে তুলে নেন ফুটবল। আর আজ সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর কাটিয়ে ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’।
২০০৫ সালের ১২ জুন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দেশের জার্সিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক করেছিলেন ২০ বছরের সুনীল। সুনীলের মা সুশীলা ছেত্রী ও তাঁর দুই যমজ বোন তিনজনেই নেপালের জাতীয় মহিলা ফুটবল টিমে খেলেছেন। এমনকী সুনীলের বাবাও সার্ভিসেসের হয়ে খেলেছেন।
২০০১ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে সেই যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন সুনীল, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
সুনীল একমাত্র ভারতীয় ফুটবলার যে ভারত ছাড়াও তিন দেশে ফুটবল খেলেছেন। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার ক্লাবে ফুটবলের স্বাদ পেয়েছেন তিনি।
সুনীল আমেরিকার মেজর লিগ সকারে খেলেছেন কানসাস সিটির হয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শৈশবের ক্লাব স্পোর্টিং পর্তুগালে খেলেছেন।
একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে দেশের জার্সিতে তিনবার হ্যাটট্রিক করেছেন তিনি। তাজাকিস্তান (২০০৮), ভিয়েতনাম (২০১০) ও চিনা তাইপেইয়ের (২০১৮) বিরুদ্ধে এই নজির গড়েন সুনীল। সুনীল ইন্ডিয়ান সুপার লিগেও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২০১৫ সালে হ্যাটট্রিক করেন।

২০১৮ সালে সুনীল আরও একটি অনন্য নজির গড়েন। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের হাফ-সেঞ্চুরি করেন। তাঁর ৫০ নম্বর গোলটি এসেছিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গুয়ামের বিরুদ্ধে।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা