Home » মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে শ্রীলেখা

সময় কলকাতা ডেস্কঃ দীপিকা–আলিয়ার সঙ্গে এবার টক্কর দিতে চলেছেন বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কেননা মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীদের তালিকায় মনোনিত হয়েছেন শ্রীলেখা। বিদ্যা বালান, ভূমি পেদনেকার, দীপিকা পাডুকোণ, আলিয়া ভাটদের পাশাপাশি উঠে এসেছে অভিনেত্রীর নাম। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই সুখবর দিয়েছেন শ্রীলেখা নিজেই।

জানা গিয়েছে,পরিচালক আদিত্য বিক্রমের ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর তালিকায় মনোনীত হয়েছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় সেই খবরই শেয়ার করেছেন অভিনেত্রী। শ্রীলেখা লিখেছেন,’মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে আমাদের ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি মনোনীত হয়েছে আর শ্রীলেখা মিত্র নামের এক বাঙালি অভিনেত্রীও মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রীদের তালিকায়। কাদের সঙ্গে… দেখে নিতে পারেন। দীপিকা, আলিয়া, শেফালি, শ্রীলেখা …. এবার কে শ্রীলেখা বলুন তো?’

‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। বিদেশের মাটিতে নজরও কেড়েছিলেন শ্রীলেখা। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও এই ছবি পুরস্কার পেয়েছে। তবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ জায়গা করে নিতে পারেনি। তা নিয়ে অবশ্য ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শ্রীলেখা।
আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব। ৩০ আগস্ট পর্যন্ত তা চলবে। রেড কার্পেটে দেখা যাবে দেশ-বিদেশের তারকা অতিথিদের। এর আগেও নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতে নিয়েছিল শ্রীলেখার এই ছবি।

About Post Author