সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ানো হল রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে শুক্রবার এই রেট ০.৫০ পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেন আর বি আই- এর গর্ভনর শক্তিকান্ত দাস। তাঁর ঘোষণা অনুযায়ী বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৪ শতাংশে। আগামী কয়েকদিনের মধ্যেই এই রেট বৃদ্ধির প্রভাবে বাড়তে চলেছে ইএমআই, যার জেরে প্রভাব পড়তে চলেছে চাকুরিজীবীদের জীবনে।
কারণ রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধির কারণে ইমএমআইয়ের উপরও বাড়তে চলেছে সুদের হার। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে সমস্ত চাকুরিজীবীরা গাড়ি-বাড়ি, মোবাইল, ল্যাপটপের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধে ভোগ করছেন, তাঁদের এরপর থেকে আরও বেশি করে টাকা দিয়ে ঋণ শোধ করতে হবে। যদিও অন্যদিকে স্থায়ী আমানতের উপর সুদের হার বেড়ে যাওয়ায় উপকৃত হতে চলেছেন গ্রাহকরা৷ কারণ স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াতে চলেছে সমস্ত ব্যাঙ্ক৷ স্বাভাবিকভাবে পেনশনভোগী এবং প্রবীণরা এতে লাভবান হবেন৷
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবারের সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মন্দার বাজার উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। স্বাভাবিকভাবে এতে অর্থনৈতিক মহল বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ডলারের তুলনায় দেশীয় মুদ্রার দুর্বলতা, বিদেশি তহবিলের বহিঃপ্রবাহ এবং বিদেশি মুদ্রার পরিমাণ কমে যাওয়ার যার মধ্যে অন্যতম।

প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়ে টানা তৃতীয়বার রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করল। এর আগে জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.৫০ পয়েন্ট এবং তারও আগে মে মাসে রেপো রেট ০.৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল। যদিও করোনাকালে রিজার্ভ ব্যাঙ্ক টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!