Home » জেরক্স সেন্টারের নামে জালিয়াতির অভিযোগ!

জেরক্স সেন্টারের নামে জালিয়াতির অভিযোগ!

সময় কলকাতা ডেস্কঃ শীতলকুচি বিডিও অফিসের ধারে গড়ে উঠেছে কম্পিউটার এবং জেরক্স সেন্টার। সেখানকার একটি জেরক্স দোকানে ভুয়ো জন্ম সার্টিফিকেট বানিয়ে দেওয়ায় কার্যত সমস্যায় শিউটি বৈশ্য নামের এক মহিলা। গ্রেফতার করা হয়েছে দোকানের মালিককে।

প্রশাসনিক দফতরের সামনে জেরক্স এবং কম্পিউটারের পরিষেবা পাওয়া যায় প্রায় সব জায়গাতেই। এমনই এক জেরক্স সেন্টারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এল। কোচবিহারের শীতলকুচির সেই সেন্টারের মালিক সজল বর্মন। ২০১২ সালে শিউটি বৈশ্য নামে একটি মেয়েকে জন্ম সার্টিফিকেট বানিয়ে দেন। স্বাভাবিকভাবে ওই জন্ম সার্টিফিকেটে নানান অফিসের ডকুমেন্ট হিসেবে ব্যবহার করে এসেছেন তিনি। সম্প্রতি দিন ১৫ আগে শিউটি বৈশ্য তাঁর কন্যাশ্রী আবেদন করেছিলেন।

আর সেখানেই ধরা পড়ে, এই জন্ম সার্টিফিকেটটি জাল বা ভুয়ো। শিউটি বৈশ্যকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠান শীতলকুচির বিডিও। সমস্ত বৃত্তান্ত শোনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর গ্রেফতার করা হয় ওই জেরক্সের দোকানের মালিককে। বিডিও অফিসের সামনেই কিভাবে এই ব্যবসা ফেঁদে বসল ওই ব্যক্তি, তা জানতে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাসকে ফোন করা হলে তিনি বলেন, ‘বাইরে আছেন, এখন এই বিষয়ে কিছু জানাতে পারবেন না।’ এই বিষয়ে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

About Post Author