সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধি, পুলিশের রদবদল, জেলা নেতৃত্বে রদবদল, রদবদল মন্ত্রীত্বে, এত কিছু পরিবর্তনের পরেও সাধারণ মানুষের মনে কিন্তু পরিবর্তন ঘটেনি। এখনো রাজ্যবাসীর চোখ নিয়োগ দুর্নীতির দিকে। নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি নামার পরেই ২২শে জুলাই থেকে একের পর এক ধামাকা। একদা শিক্ষা মন্ত্রীর পরে শিল্পমন্ত্রী পরিষদীয় মন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২৮ ঘন্টা জেরার পর গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তার হয় অর্পিতা মুখার্জি। উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনাদানা, একাধিক দলিল, বন্ড ,এলআইসি পলিসি সহ নানাবিধ তথ্য। কাল ঘাম ছুটে যায় তৃণমূল তাবড় নেতৃত্বের। অভিযোগের আঙ্গুল ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বহু কমিশনার, পার্থ ঘনিষ্ঠ বহু নেতার দিকে আঙ্গুল ওঠে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার। তবুও সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেনি।
প্রতারিত বহু মানুষ নীরবে সহ্য করেছেন প্রতারণা। কিন্তু এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এক নম্বর ব্লকের কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটলো ক্ষোভের বহিঃপ্রকাশ। কোটবার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিব শংকর নায়েক চাকরি দেওয়ার নাম করে গ্রামবাসীদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সেই অভিযোগে শনিবার প্রতারিতরা চড়াও হয় শিবশঙ্কর নায়েকের বাড়িতে। সূত্রের খবর, তৃণমূল নেতা পার্থ ঘনিষ্ঠ নান্টু প্রধানের মূল এজেন্ট ছিল। প্রতারিত চাকরি প্রার্থীরা শনিবার সকাল থেকেই দফায় দফায় শিবশঙ্কর নায়েকের বাড়িতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বিক্ষোভের কারণে শিবশঙ্কর নায়েক বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
বিক্ষোভের মুখে পড়েন তার স্ত্রী ও ছেলে। তার স্ত্রী পঞ্চায়েত সমিতির মেম্বার হওয়া সত্ত্বেও তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করেন চাকরি প্রার্থীরা। শিবশঙ্কর নায়েকের ছেলেকে গাছে বেঁধে দীর্ঘক্ষণ মারধর করে চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ তৃণমূল নেতা চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টাকা ফেরত চাইতে গেলে তাদের দেওয়া হত হুমকি। বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় তৃণমূল নেতার স্ত্রী ও ছেলেকে মারধরের পরেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় নেতার বাড়িতে।

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এক নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান ও প্রাক্তন কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অতনু গুছাইত ও তার স্ত্রীর নামেও চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। যার কোলাঘাটে বিশাল রাজপ্রাসাদের সম বাড়ি ঝাড়গ্রামে ফার্ম হাউস হাওড়াতেও বাড়ি রয়েছে বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে এলাকাছাড়া অতনু গুছাইত ও তার স্ত্রী। এবার বিক্ষোভকারীদের বিক্ষোভের আঁচ এসে আছড়ে পড়ে শিবশঙ্কর নায়েকের উপর। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি বিক্ষোভের আগুনের বহিঃপ্রকাশ ঘটছে? কারণ বিগত বেশ কয়েকদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র