Home » একই পরিবারের ১০ জনের চাকরি, তলব করল আদালত

একই পরিবারের ১০ জনের চাকরি, তলব করল আদালত

সময় কলকাতা ডেস্ক: বঙ্গের সবচেয়ে শিক্ষিত ফ্যামিলির তালিকায় যদি কোন নাম ওঠে তাহলে অবশ্যই নাম ওঠা উচিত পার্থ চ্যাটার্জির দেহরক্ষী পরিবারের নাম।

কি শুনতে অদ্ভুত লাগছে? অবশ্য লাগাটাই স্বাভাবিক। একজন দেহরক্ষীর ফ্যামিলি, সবচেয়ে শিক্ষিত ফ্যামিলির তালিকায় থাকে কি করে? না থাকার কিছু নেই, কারণ পরিসংখ্যান তাই বলছে। দুর্নীতির যদি কোন তালিকা হয় তবে অবশ্যই দুর্নীতির তালিকায় নিয়োগ-দূর্নীতি শীর্ষে অবস্থান করবে। সেই নিয়োগ দুর্নীতি মামলায় শ্রীঘরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। খুইয়েছেন মন্ত্রীত্ব, চলে গেছে দলীয় পদ। একদা যারা মন্ত্রীর আশেপাশে ঘুরঘুর করতেন, তারা অনেকেই এখন চলে গিয়েছেন আড়ালে। নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি একসময় গমগম করতো সাধারণ মানুষের যাতায়াতে। এখন নিঝুম নিস্তব্ধ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। রাজার হালে থাকা মানুষ আজ অন্ধকার কুঠুরির ঘরে বন্দি। একদা সব সময় তার সঙ্গে থাকতেন দেহরক্ষী বিশ্বম্ভর মন্ডল। বাড়ি পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর থানার দিবাকরপুর পঞ্চায়েতের প্রথমখন্ড জলপাই গ্রামে। পার্থ চট্টোপাধ্যায়ের বদান্যতায় সেই বিশ্বম্ভর মন্ডলের পরিবার এখন শিক্ষিত পরিবারের তালিকায়। কারণ তার পরিবারের ১০জনই এখন স্কুলে চাকরি করে।

বিশ্বম্ভর- এর স্ত্রী লিনা, দুই ভাই বংশী লাল ,দেব গোপাল প্রাইমারিতে চাকরি করেন। মাসতুতো ভাই পূর্ণ মন্ডল, মাসতুতো বোন গায়ত্রী মন্ডল, মেসোমশাই বিশ্বদেব মন্ডল, মাসতুতো জামাই সোমনাথ পন্ডিত , অরুপ ভৌমিক, অঞ্জনা মন্ডল ,প্রতিবেশী অমলেশ রায় ‌‌‌‌‌ চাকরি করেন স্কুলে।

এলাকাবাসীর অভিযোগ এই ১০ জনের মধ্যে রয়েছেন,বিশ্বম্বরে শ্বশুরবাড়িরও একাধিক ব্যক্তি।চাকরি করে দিয়েছে বিশ্বম্ভর। অবশ্যই সৌজন্যে পার্থ চট্টোপাধ্যায়। পূর্ব মেদনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোরামহল গ্রামে বিশ্বম্ভর মন্ডলের শ্বশুর বাড়ি। প্রভাবশালী জামাই, কারণ যার তার নয় একেবারে মন্ত্রীর দেহ রক্ষী। সেই বিশ্বম্ভরের শ্বশুরবাড়ির চারজন চাকরি করেন স্কুলে। এলাকার মানুষের অভিযোগ প্রভাব খাটিয়েই এই চাকরি। বিশ্বম্ভর মন্ডলের স্ত্রী অপর্ণা মন্ডল দুই শ্যালিকা অর্চনা মন্ডল অঞ্জনা মন্ডল এবং এক শ্যালক অরূপ রতন ভৌমিক।

এবার সেই শিক্ষিত ফ্যামিলির দিকে  নজর পড়েছে আদালতের। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশ্বম্ভরের ৭জন আত্মীয় এবং ১ প্রতিবেশীকে আদালতে হাজিরা নির্দেশ দিয়েছেন। আগামী ১লা সেপ্টেম্বর স্বশরীরে আদালতে হাজির হতে হবে বিশ্বম্ভরের এই আত্মীয়দের।

About Post Author