সময় কলকাতা ডেস্কঃ ডুয়ার্সের চা বলয়ে হাতির হামলা অব্যাহত। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ডাইরেক্টরের বাংলোতে তাণ্ডব চালায় একটি হাতির দল। চা বাগান সূত্রে খবর, রাতে ২৫ থেকে ৩০ টি গজরাজের একটি দল এলাকায় ঢুকে পড়ে। চলে তাণ্ডব। চা বাগানে ডাইরেক্টরের বাংলোর ভেতরে ঢুকে ভাঙচুর চালায় তারা। ভেঙে ফেলা হয় বহু মূল্যবান আসবাবপত্র।
বাগান কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিদিন এলাকায় হাতির দল ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। হামলার বিষয়টি একাধিকবার রেঞ্জ অফিস থেকে শুরু করে ডিএফও অফিসেও জানানো হলেও অমিল সুরাহা। বাগানের পক্ষ থেকে হাতি তাড়ানোর জন্য দুটি ট্রাকটার রাখা হয়েছে। কিন্তু, কোনওভাবেই হাতির হামলা আটকানো যাচ্ছে না। যদিও, লিখিত অভিযোগ জানানো হয়নি বলেই জানিয়েছেন ডিএফও বিকাশ ভি। এইরকম পরিস্থিতিতে হাতির হামলায় কার্যত দিশেহারা এলাকার বাসিন্দারা। যদিও, বন দফতরের পক্ষ থেকে খবর পেয়েই এলাকা থেকে হাতি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
হলদিবাড়ি চা বাগানের ডেপুটি ম্যানেজার কোনার্ক লাল রায় জানান, বুধবার সকালে এই হাতির দলটি চা বাগানে ঘোরাফেরা করছিল। বনদপ্তর এসে জঙ্গলে ঢুকিয়ে দেয় হাতির দলটিকে। এরপরই বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ডাইরেক্টরের বাংলোতে তাণ্ডব চালায় হাতির দলটি।
অন্যদিকে চা বাগানের জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার ঘোষ জানান, হাতির হামলার বিষয়টি একাধিকবার রেঞ্জ অফিসের থেকে শুরু করে ডিএফও অফিসেও জানানো হয়েছে। তবে কাজের কাজ কিছুই হয়নি।


More Stories
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার