সময় কলকাতা ডেস্কঃ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে আবারও বিতর্কে জড়ালেন তিনি। বিরোধীদের ‘পিঠে তাল পড়া’র হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন হুঁশিয়ারির সুরেই তিনি বলেন,’পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সকলে চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। এসব বলবেন না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও আর বলবেন না।’

সৌগত রায়ের এহেন মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। অন্যদিকে তৃণমূলের বর্ষীয়ান সাংসদকে ফের একহাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা আক্রমণ করে বলেন, ‘আপনাদের নেতারা যখন টাকা নিচ্ছে,তখন আপনাদের ছেলেরা রেগে যায় না। এই রাগ বেশিদিন থাকবে না। এসব এই বয়সে শোভা পায় না। তাই যা তা কথা বলবেন না’, বলেও দমদমের সাংসদকে সতর্ক করেন দিলীপ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?