Home » বিলকিস বানো ধর্ষণকাণ্ড!কেন্দ্রের অনুমতি নিয়েই ধর্ষকদের মুক্তি, দাবি আইনজীবীর

বিলকিস বানো ধর্ষণকাণ্ড!কেন্দ্রের অনুমতি নিয়েই ধর্ষকদের মুক্তি, দাবি আইনজীবীর

সময় কলকাতা ডেস্কঃ কেন্দ্রের অনুমতি নিয়েই বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন ধর্ষকদের আইনজীবী ঋষি মালহোত্রা। তার দাবি, মুক্তি দেওয়ার আগে অবশ্যই কেন্দ্র থেকে অনুমতি নিয়েছে রাজ্য সরকার। যদিও এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

স্বাধীনতা দিবসে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেয় গুজরাট সরকার। যা নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। গত ২৩ অগস্ট বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন  সিপিএম পলিটব্যুরো সদস্য সুভাষিণী আলি এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিলকিসের ধর্ষকদের মুক্তি আইনসঙ্গত কিনা তা নিয়ে গুজরাট সরকারকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটের সবরমতী এক্সপ্রেসের কয়েকটি কোচে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যে। আগুনে ৫৯ জন করসেবক নিহত হন। অগ্নিকাণ্ডের প্রতিবাদে সংখ্যালঘু অধ্যুষিত গোধরায় লাগে দাঙ্গা। এলাকা থেকে সপরিবারে পালিয়ে গিয়ে বিলকিস বানো একটি খোলা মাঠে আশ্রয় নেন। সেসময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেখানেই তাঁকে গণধর্ষণ এবং পরিবারের ৭ জনকে খুন করা হয় বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। দোষী সাবস্ত হন ১১ জন। ২০০৮ সালে প্রত্যেককেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।  মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিয়েছে গুজরাট সরকার। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

About Post Author