Home » শুরু রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা

শুরু রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু। এম কে স্ট্যালিন এবং একাধিক কংগ্রেস নেতাদের নিয়ে পদযাত্রায় রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে তামিলনাড়ু কন্যাকুমারীর অগস্তেসরম থেকে ৩৫৭০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন। ক্যাম্প সাইডে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। আত্মহত্যা করে মারা যাওয়া নিট পরীক্ষার্থী অনিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাহুল গান্ধী।

১১৮ জন সঙ্গী নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীনগরে তাদের এই ‘ভারত জোড়ো’ যাত্রা শেষ করবেন। ১৫০ দিনের মধ্যে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্য দিয়ে যাবে এই যাত্রা। ৭ থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে এই পদযাত্রা থাকবে। তারপর এই পদযাত্রা প্রবেশ করবে কেরলে। কেরল হয়ে পদযাত্রা প্রবেশ করবে কর্ণাটকে, ২১ দিন জুড়ে তামিলনাড়ু থেকে কর্ণাটক পর্যন্ত ৫১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই পদযাত্রা। পরে অন্যান্য রাজ্য হয়ে ১৫০ দিন পর শ্রীনগরে শেষ হবে পদযাত্রা।

অন্যান্য রাজ্য মূলত কংগ্রেস শাসিত রাজ্যেও শুরু হয়েছে এই পদযাত্রা নিয়ে প্রস্তুতি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজ্যের প্রস্তুতি শুরু করেছেন।

পদযাত্রার শুরুতে রাহুল গান্ধী কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে জানিয়েছেন বিজেপি এবং আরএসএস ধর্ম এবং ভাষার ভিত্তিতে ভারতকে বিভক্ত করছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান আক্রমণের শিকার হচ্ছে। বিজেপি জাতীয় পতাকাকে নিজেদের সম্পত্তি বলেই মনে করে। দেশ সর্বোচ্চ বেকারত্বের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। দেশ এখন বিপর্যয়ের সম্মুখীন। ফলে এই ‘ভারত জোড়ো’ যাত্রার প্রাসঙ্গিকতা রয়েছে দেশে।

যদিও রাহুল গান্ধীর এই বক্তব্যকে খন্ডন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি কংগ্রেসকে তীব্র আক্রমণ করে জানিয়েছেন কংগ্রেস এই দেশকে খন্ড-বিখন্ড করেছিল। ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছিল কংগ্রেসের আমলেই। তারই প্রায়শ্চিত্ত করছেন রাহুল গান্ধী। কংগ্রেস এবং রাহুল গান্ধীর এই ‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বাক-বিতণ্ডা।

About Post Author