Home » বাগুইআটি জোড়া খুনকাণ্ড! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর সিআইডি

বাগুইআটি জোড়া খুনকাণ্ড! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর সিআইডি

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর সিআইডি। বাগুইআটি জোড়া খুনকাণ্ডের তদন্ত করতে এবার ভাঙড় থানায় আসে রাজ্য গোয়েন্দা শাখা তথা সিআইডির একটি দল। বুধবার রাতে ভাঙড় থানায় যায় সিআইডির চার জনের একটি প্রতিনিধিদল। ঠিক কোন সময়ে বাসন্তী হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিল অভিযুক্তরা, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ভাঙর থানায় আসেন সিআইডি টিম।

সূত্রের খবর, যে দুটি স্থানে অর্থাৎ বসিরহাটের হাড়োয়া থানার কুলটি ও ন্যাজাট থানার শিরিষতলা এলাকায় দুই ছাত্রের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে বৃহস্পতিবার দুপুরে ফরেন্সিক টিম এসে তদন্ত করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা থেকে সুন্দরবনগামী বাসন্তী হাইওয়ে তথা রাজ্য সড়ক ৩ এর শিরিষতলার সেই মেছোভেঁড়ি সংলগ্ন জায়গাটিকে দড়ি ও বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে হাড়োয়ার কুলটিতেও ঘটনাস্থলের একই ছবি ধরা পড়ছে। ফরেন্সিকের একটি দল এই দুই স্থানে এসে উপস্থিত হবে বলে খবর পাওয়া গেছে।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কেন নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন? কিসের জন্য এই গাফিলতি? মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাস্থল ঘিরে রাখতে কেন সময় লেগে গেল ১৬ দিন? এসব প্রশ্নের উত্তর দেবে সময়।

 

About Post Author