Home » এবার বড়পর্দায় নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি

এবার বড়পর্দায় নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনকাহিনি

সময় কলকাতা ডেস্কঃ বাংলা নাট্যপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর। এবার বড়পর্দায় দেখা যাবে নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবনী। সুমন ভট্টাচার্যের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন রেশমি মিত্র। যদিও নাট্যাচার্যের ভূমিকায় কে অভিনয় করছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ছবিতে কঙ্কাবতীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন পায়েল সরকার। সিনেমার নাম ‘বড়বাবু’। কারণ, শিশিরকুমার ভাদুড়ীকে এই নামেই তাঁর কাছের মানুষজন এবং গুণমুগ্ধরা ডাকতেন।

জানা গিয়েছে, অক্টোবরেই ‘বড়বাবু’ ছবির শুটিং শুরু হবে। আর তাতে শিশিরকুমার ভাদুড়ীর পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কাহিনিও তুলে ধরা হবে। এ বিষয়ে রেশমি মিত্র জানান, ‘বাংলা ইন্ডাস্ট্রিতে বায়োপিক নিয়ে তেমন ভাল কাজ এখনও পর্যন্ত হয়নি। সেই কারণেই এই ছবি দর্শকদের কানেক্ট করতে পারবে বলে মনে করছেন তিনি।’ পাশাপাশি কঙ্কাবতীর চরিত্রের জন্য প্রচুর ওয়ার্কশপ করতে হবে বলেই জানান অভিনেত্রী পায়েল সরকার। এমন একটি চরিত্রের জন্য নিজের সবটুকু উজার করে দিতে প্রস্তুত অভিনেত্রী।

বাংলার নাট্যজগতের অন্যতম পথিকৃৎ শিশিরকুমার ভাদুড়ী। গিরিশচন্দ্র ঘোষের পর তিনিই রঙ্গমঞ্চের কিংবদন্তি। বাংলা নাটকের স্বর্ণযুগে নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের দক্ষতাকে বাস্তবতার ও প্রকৃতির আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়ে গিয়েছেন। অধ্যাপনা ছেড়ে নাটকের মঞ্চে এসেছিলেন শিশিরকুমার ভাদুড়ী।

বলা ভালো, গুরুদায়িত্ব নিয়েই ফেলেছেন পরিচালক রেশমি মিত্র। কেননা এহেন কিংবদন্তির জীবন কাহিনি বড়পর্দায় তুলে ধরা মোটেও সহজ কাজ নয়। তাঁর হয়ে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিনেমার নাম রাখা হয়েছে ‘বড়বাবু’। কারণ নাট্যাচার্যকে সেই নামে তাঁর কাছের মানুষজন এবং গুণমুগ্ধরা ডাকতেন।

About Post Author