সময় কলকাতা ডেস্কঃ ভোকাট্টা, উচ্চ এই স্বরে এবার লেগেছে রাজনীতির পারদ। বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ির চাহিদা তুঙ্গে। তবে ঘুড়ি বিলাসী বাঙালির চাহিদাতে এবারে লেগেছে রাজনীতির রঙ । বাজারেও দেদার বিকোচ্ছে মা- মাটি- মানুষ ও জয় শ্রীরাম ঘুড়ি।

পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া ঘুড়ির জায়গায় এবার বাজার ছেয়েছে মা, মাটি মানুষ কিংবা গেরুয়া শিবিরের রঙবেরঙ এর ঘুড়ি। রাজ্যে এবারের প্রকৃতি বিরুপ হলেও নির্ঘন্ট মেনে সামনেই বিশ্বকর্মা পুজো। ঘুড়ি বিলাসী বাঙালির অভাব নেই এই বঙ্গে। কিন্তু সমাজ রাজনীতিময় হয়ে যাওয়ায় রঙ এর বৈচিত্রে আকাশ ছেয়ে যাওয়া ঘুড়িতেও এসেছে বদল। বরং ঘুড়ি উড়িয়ে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের প্রবনতা ক্রমশ বাড়ছে দাবি ঘুড়ি বিক্রেতাদের। হাওড়ার জগাছা চড়কডাঙ্গা ঘুড়ি তৈরির কারখানায় রাজনৈতিক প্রতীক ও স্লোগানের ঘুড়ির চাহিদা ব্যাপক। তবে প্রথাগত পেটকাটি ও মুখপোড়াদেরও চাহিদা আছে বলে জানান ঘুড়ি বিক্রেতারা।

বিশ্বকর্মা পুজোর দিন কয়েক আগে চড়া রোদে ঘুড়ির সুতোর মাঞ্জা দেওয়ার রেওয়াজে ভাটা পড়ছে বলে জানাচ্ছেন ঘুড়ি বিক্রেতারা। তাঁদের দাবি, মাঞ্জা দেওয়া সুতোর প্রতি ঝুঁকেছে আম বাঙালি। ঘুড়ির দোকানে ভিড় জমানো ক্রেতাদের দাবি, আগের মত ঘুড়ি ওড়াবার মাজ নেই। সেই সঙ্গে আকাশে পেঁজা তুলোর মত মেঘের বদলে এবার কালো মেঘের ঘনঘটা বেশী। নীল আকাশে রঙিন পতঙ্গের বাহারে চোখের তৃপ্তি এবার নাও আসতে পারে। বরং রাজনৈতিক দলের রঙেই এবার আকাশ দখল করতে চলেছে বলে দাবি ঘুড়ি বিক্রেতাদের।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও