সময় কলকাতা ডেস্কঃ ব্যক্তিগত শত্রুতার জেরেই টিটাগড় ফ্রি ইন্ডিয়া স্কুলে বোমা ছোড়া হয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ইতিমধ্যে ধৃতেরা বোমা ছোড়ার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলোক রাজোরিয়া বলেন, ‘টিটাগড়ে স্কুলে বোমাবাজির ঘটনায় ৪ জন গ্রেফতার হয়েছে। ধৃত চারজনের মধ্যে ৩ জনই ওই স্কুলের প্রাক্তন ছাত্র। তারা স্কুলের ছাদে বোমা ছোড়ার কথা স্বীকার করেছে।‘ শুধু তাই নয়, ধৃতদের মধ্যে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। যদিও কার সঙ্গে শত্রুতা, কী নিয়ে শত্রুতা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তের স্বার্থে এখনই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গোটা ঘটনার পুনর্নির্মাণ করানো হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত,বিশ্বকর্মা পুজোর দিনই টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সেসময় ১৩০০ ছাত্রছাত্রী উপস্থিত ছিল স্কুলে। এমনকী স্কুলের ছাদের একাংশ উড়ে যায়। যদিও কেউ হতাহত হয়নি। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ব্যারাকপুর পুলিশের কমিশনারেটের তদন্তকারী দল। তদন্তে নেমে বিস্ফোরণের ২৪ ঘণ্টা পার না হতেই গ্রেপ্তার হল ৪ অভিযুক্ত।
অন্যদিকে,স্কুল চলাকালীন এমন ঘটনা ঘটায় ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।পাশাপাশি সন্তানদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। স্কুলে বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সেখানে শনিবারই গিয়েছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই দাবি সাংসদের। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় শনিবারই সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী