Home » সোনালি ফোগট হত্যাকাণ্ডে ফের বসছে খাপ মহাপঞ্চায়েত

সোনালি ফোগট হত্যাকাণ্ডে ফের বসছে খাপ মহাপঞ্চায়েত

সময় কলকাতা ডেস্কঃ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের মৃত্যু নিয়ে ফের বসছে খাপ মহাপঞ্চায়েত । শনিবার হরিয়ানার হিসারে এই মহাপঞ্চায়েত বসার কথা রয়েছে। সোনালির মৃত্যুর পর থেকেই খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি তোলে পরিবার। এর আগেও সোনালির মৃত্যু নিয়ে আলোচনায় বসেছে খাপ। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। এই পরিস্থিতিতে খাপ মহাপঞ্চায়েতে কী নিয়ে আলোচনা হয়, এখন সেটাই দেখার।

উল্লেখ্য,গত ২৩ আগস্ট সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগট। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। ঐদিন বিকেলেই পরিবারের সঙ্গে শেষবারের মত কথা হয় তাঁর। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সোনালির মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কারণ তাঁর শরীর জুড়ে ছিল একাধিক ক্ষতচিহ্ন। খাবারে বিষ মিশিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সোনালির দুই সহকর্মীর বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর ঠিক আগে দুই সহকারীর সঙ্গেই গোয়ার এক রেস্তোরাঁয় ছিলেন সোনালি। ভিডিওতে দেখা গিয়েছে, সহকারী সুধীরকে জড়িয়ে টলতে টলতে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি ফোগট। তদন্তে নেমে সোনালি ফোগটের দুই সহকারী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন কার্লিস রেস্তরাঁর মালিক এডউইন নানস এবং এক মাদক মাফিয়া।

About Post Author