সময় কলকাতা ডেস্কঃ অস্ত্র সমেত সেনাবাহিনী থেকে নিখোঁজ এক বিএসএফ জওয়ান। মালদহের হবিবপুর এলাকার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। ইতিমধ্যেই নিখোঁজ জওয়ানের তল্লাশিতে নেমেছে মালদহ জেলার পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ওই জওয়ান নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে একটি ইনশাস রাইফেল, দু রাউন্ড ম্যাগাজিন এবং প্রচুর পরিমাণ গুলি ছিল।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা তিনি। বিএসএফের মালদহ সেক্টরের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন অখিলেশ। মালদহের হবিবপুর ও বামনগোলা এলাকার সীমান্তে প্রহরারত ছিলেন তিনি। প্রতিদিনের মত শনিবারও ক্যাম্পে রিপোর্ট করতে আসার কথা ছিল তাঁর। কিন্তু ওই সময় থেকেই কোনোরকম খোঁজ নেই ওই জওয়ানের। এরপর শনিবার সন্ধ্যার দিকে বিএসএফের পক্ষ থেকে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মালদহ জুড়ে নিখোঁজ জওয়ানের তল্লাশি শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু হঠাৎ কোথায় গেলেন ওই জওয়ান, তা নিয়েই ধন্দে রয়েছেন নিখোঁজ জওয়ানের সহকর্মীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তার সহকর্মীদের থেকেও এ বিষয়ে সূত্র মিলতে পারে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
এ প্রসঙ্গে মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, জওয়ানের নিখোঁজের অভিযোগ জমা পড়েছে। ওই জওয়ানের খোঁজ করা হচ্ছে। এমনকী অখিলেশের কানপুরের বাড়িতেও খোঁজ চালাচ্ছে বিএসএফ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী