সময় কলকাতা ডেস্কঃ বেঙ্গালুরুতে জমে উঠেছে পাল বাড়ির দুর্গা পুজো। প্রবাসী বাঙালিদের মধ্যে এই পুজো ঘিরে এক অন্যরকম উন্মাদনা রয়েছে। বেঙ্গালুরুর হিন্দুস্তান এরোনটিক এলাকার পাল বাড়ির এক চালার সাবেকি দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
পুজো উদ্যোক্তারা জানান, তৃতীয় বর্ষের এই পুজোয় পুরোহিত, ঢাকি থেকে শুরু করে মিষ্টি তৈরির ময়রা সকলেই এসেছেন কলকাতা থেকে। পুজোয় বিশুদ্ধ বাঙালি রান্না, বাংলার মিষ্টি, বাংলা গানের পাশাপাশি আধুনিকতা ও সাবেকিয়ানার মেলবন্ধনে জমে উঠেছে শারদোৎসব। মানুষ যাচ্ছেন। পুজো দেখছেন। ঢাকের তালে কোমর দোলানো থেকে পুজোর ১০৮ টি প্রদীপ জ্বালানো, ধুনুচি নাচেও মেতে উঠেছেন বাসিন্দারা। পাশাপাশি রয়েছে দেদার খাওয়া দাওয়া ও আড্ডা।

এই দুর্গা পুজোর পরিকল্পনাকে বাস্তবায়িত করার পিছনে রয়েছেন পাল পরিবারের গৃহকর্তা শীতাংশু শেখর পাল, তার স্ত্রী শিপ্রা পাল ও ছেলে ডঃ সুজিত পাল। তাঁরা জানান, “কোভিড মোকাবিলায় দীর্ঘ লকডাউনে বড়দের পাশাপাশি ছোটোদেরও ঘর বন্দি অবস্থায় দিন কেটেছে। মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই প্রয়াস। মায়ের কাছে প্রার্থনা, সকলকে ভালো রাখুন।”


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও