Home » যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, মৃত ১১

যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, মৃত ১১

সময় কলকাতা ডেস্কঃ মহারাষ্ট্রের নাসিকে শনিবার ভোরে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১১ যাত্রী, আহত প্রায় ৩৮ জন। নাসিকের ঔরঙ্গাবাদ রোডে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলারকে আচমকাই যাত্রীবাহী বাসটি ধাক্কা মারে। ধাক্কায় আগুন ধরে যায় বাসটিতে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সমগ্র বাসে। ড্রাইভার সমেত বাসটিতে যাত্রী ছিলেন ৫০ এর অধিক যাত্রী ।

বাসে আগুন লেগেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই কয়েকজন যাত্রী জানলা দিয়ে পালাতে সক্ষম হলেও বহু যাত্রী আটকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনা ঘটার পরেই এলাকার মানুষজন তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগায়। আসে দমকল বিভাগের দুটি ইঞ্জিন। ৩৮ জন যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১১ জন যাত্রীর। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন নাসিকের ডেপুটি কমিশনার অফ পুলিশ অমল তাম্বে।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানিয়েছেন, “নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে । আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।”

About Post Author