সময় কলকাতা ডেস্কঃ অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল ইডি। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী গ্রেফতারের পরই ধৃতের শারীরিক পরীক্ষা করিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না।

উল্লেখ্য, টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বেশ কিছু নথি জমা দিতে বলেছিল আদালত। সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘মানিক ভট্টাচার্য যে নথি জমা করেছে তা ভুয়ো।’ মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ, পরীক্ষার যে মাস্টার শিট, সেখানে নদিয়া ও অন্যান্য জেলার ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের জায়গায় ফাঁকা রাখতে বলা হয়। এর জন্য মানিক দায়িত্বপ্রাপ্তদের ওপর চাপ সৃষ্টি করতেন বলেও অভিযোগ। সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথোপকথনের প্রসঙ্গও ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের