সময় কলকাতা ডেস্কঃ দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে বিপর্যয়ের ঘটনায় প্রশাসন উদ্বিগ্ন। তাই হড়পা বানে নিহতদের পরিবারের কেউ সরকারি চাকরির আবেদন করলে সে ব্যাপারে সবরকম সহযোগিতা করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মালবাজার পুর প্রশাসন। মঙ্গলবার পুরসভার বোর্ড মিটিংয়ের পর একটি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা।

অন্যদিকে এই ঘটনার জেরে এবছর ছোট করে কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছেন কালীপুজো কমিটিগুলি। ইতিমধ্যেই মালবাজার শহরের কালীপুজো কমিটিগুলিকে সাধুবাদ দিয়ে চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, অন্যান্য বছর খুবই জাঁকজমক ভাবে কালীপুজো হয়। এবার এই মর্মান্তিক ঘটনার পর পুজোকমিটিগুলি সিদ্ধান্ত নিয়েছে যে ছোট করে পুজো করবে। এমনকী কোনও বিচিত্রানুষ্ঠানের আয়োজনও কেউ করবে না।
প্রসঙ্গত,দশমীর দিন রাত সাড়ে ৮টা নাগাদ মাল বাজারে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই হড়পা বান আছড়ে পড়ে মাল নদীর পাড়ে। সেসময়ই ভেসে যায় অসংখ্য মানুষ। রাত এগারোটা পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি নিখোঁজ ছিল ৪০ জনেরও বেশি মানুষ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎই উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওইদিন রাতেই ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার সহ জেলাশাসক। কিন্তু জলের তোড় এবং টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হয়।

জানা গিয়েছে, বিসর্জন ঠিকমতো করার জন্য মাল নদীর শুকনো খাতে বোল্ডার ফেলা হয়েছিল। যেদিকে বিসর্জন হচ্ছে, সেদিকে যেন স্রোতের টান থাকে। আর এতেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলেই মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি বিসর্জনের সময় নদীর তীরে সিভিল ডিফেন্সের মাত্র ৮ জন কর্মী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দড়ি আর নৌকা ছাড়া সিভিল ডিফেন্সের কর্মীদের কাছে কিছু ছিল না বলেও অভিযোগ উঠেছে। যদিও প্রশাসনিক গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে রাজ্য প্রশাসন। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে দুর্গতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ও আহত ব্যাক্তিদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী