সময় কলকাতা ডেস্কঃ উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে মৃত সন্দীপ সরকারের নিথর মরদেহ এসে পৌঁছাল নব বারাকপুরের বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে করে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয় সন্দীপের দেহ। তারপর সেখান থেকে বাড়িতে তাঁর দেহ নিয়ে আসা হয়।
এদিন সন্ধ্যায় দমদম বিমানবন্দরে সন্দীপকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর তাঁদের সহায়তায় সন্দীপের দেহ কলকাতা বিমানবন্দর থেকে তাঁর নিউ ব্যারাকপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্কুল শিক্ষক সন্দীপ সরকারের নিথর দেহ বিলকান্দা এলাকায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ এলাকারবাসিন্দারা। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে নব বারাকপুরের অন্তর্গত বিলকান্দায় আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া ঘোষ বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানা দীপা পাইক, নব ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ অন্যান্য পদাধিকারীরা।

উল্লেখ্য,সন্দীপ সরকার পেশায় একজন স্কুল শিক্ষক। দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন তিনি। এবার উচ্চতম শৃঙ্গে ট্রেকিং করার জন্য উত্তরকাশীতে একটি অ্যাডভান্স কোর্স করতে গিয়েছিলেন সন্দীপ। গত ১১ সেপ্টেম্বর এক সংস্থার অধীনে প্রশিক্ষণ নিতে ৪১ জনের একটি দলের সঙ্গে উত্তরকাশীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্দীপ। আগামী ১২ তারিখ দিল্লি থেকে বিমানে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা আর হলনা। গত ৪ অক্টোবর সন্দীপ সহ ৪১ জনের ওই দল ভোর ৪ টের সময় ট্রেকিং-এ বেরিয়েছিলেন। এরপরই সকাল সওয়া ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আচমকাই তুষারধসে ৪১ জনের মধ্যে ২৯ জন নিখোঁজ হয়ে যায়। ৫ অক্টোবর সন্দীপের নিথর দেহের হদিশ পাওয়ার পরই নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর তরফে সন্দীপের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। তবে কেবল সন্দীপই নন, ওই তুষারধসে রাজ্যের আরও ৩ বাঙালির মৃত্যু হয়েছে বলেই উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং -এর তরফে জানানো হয়েছে। পাশাপাশি নিখোঁজ ২৯ জনের মধ্যে ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে প্রত্যেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?