Home » মানবিক মুখ আর মানবিক উদ্যোগ প্রাণ বাঁচাল প্রবীণ ভবঘুরের

মানবিক মুখ আর মানবিক উদ্যোগ প্রাণ বাঁচাল প্রবীণ ভবঘুরের

সময় কলকাতা ডেস্ক : ” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, ” – শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গানকে মানবিকতার তুলিতে আঁকতে সঙ্ঘবদ্ধ  হলেন নিউ ব্যারাকপুর  ও মধ্যমগ্রামের বেশ কিছু মানুষ যারা প্রকৃত অর্থে মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন । এছাড়াও রেল পুলিশের মানবিক ভাবনাও জুড়ে গেল মানব সেবায়। পরিবার-পরিজন খুইয়ে এক ভবঘুরে  বৃদ্ধ  আশ্রয় নিয়েছিলেন নিউ ব্যারাকপুর স্টেশন প্লাটফর্মে। অবশেষে গুরুতর  অসুস্থ হয়েও পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে তার সুচিকিৎসার বন্দোবস্ত করতে ঝাঁপিয়ে পড়লেন কিছু মানবিক মুখ।

জানা গিয়েছে ,অমল দাস নামের প্রবীণ মানুষটি আদতে দুর্গাপুরের বাসিন্দা। দুর্গাপুর খোলাবাজার  ডি জোনের আদি বাসিন্দা অমল বাবু রাজমিস্ত্রির সহায়কের কাজ করতেন। নিউ ব্যারাকপুর এলাকায় ভাড়াবাড়িতে ছিলেন। পরিবার-পরিজনহীন মানুষটি অসুস্থ হয়ে পড়ার পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তিনি এসে ঠাঁই নিয়েছিলেন নিউ ব্যারাকপুর স্টেশন প্লাটফর্মে।এলাকার কিছু সহৃদয়  যুবক প্রবীণ মানুষটিকে  দেখভাল করার মানবিক দায়িত্ব পালন করছিলেন বেশ কয়েকদিন ধরেই। সম্প্রতি তাঁর অসুস্থতা বেড়ে যায় । বিষয়টি লক্ষ্য করেছিলেন এলাকার কিছু যুবক। অসুস্থ মানুষটিকে সুস্থ করে তুলতে  তাঁদের সঙ্গে যুক্ত হয় মধ্যমগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দীপনা। খবর যায় রেল পুলিশের কাছেও। বিশরপাড়া কোদালিয়া জিআরপি ও দমদম আরপিএফ  চলে আসে প্রবীণ মানুষটি  সেবা-শুশ্রূষার ব্যবস্থা করতে।

স্টেশন প্লাটফর্মে পড়ে থাকা  মানুষটিকে নিয়ে যাওয়া হয়  বারাসাত জেলা সদর হাসপাতালে। তাঁর চিকিৎসা চলছে বলেই হাসপাতাল সূত্রের খবর। সাড়াও দিচ্ছেন তিনি। জয় হয়েছে মানবিকতার।।

About Post Author