সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার মাঝরাতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের হঠিয়ে দেওয়া নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন ভঙ্গের ঘটনায় পথে নামল বামেরা। শুক্রবার সকাল থেকেই সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই-ডিওয়াইএফআই-এর কর্মীরা। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন এসএফআই সর্বভারতীয় যুগ্ম সভাপতি দীপ্সিতা ধর। এই ঘটনার প্রতিবাদে ছাত্র-যুবরা গোটা রাজ্যে আন্দোলনে নামছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই নেত্রী।
এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘খুবই লজ্জাজনক ঘটনা। চাকরিপ্রার্থীরা সাংবিধানিক অধিকার মেনেই আন্দোলন করছিলেন। বেআইনিভাবে তাঁদের তুলে দেওয়া হয়েছে। আমরা জানি সূর্যাস্তের পর মহিলাদের গ্রেফতার করা যায় না। কিন্তু যেভাবে তাঁদের চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হল, তা খুবই লজ্জার। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে দীপ্সিতা বলেন, ‘যিনি এই সমস্ত কাজ করছেন, তিনিই সেই মানুষ যে মাসের পর মাস ধরে সিঙ্গুরে জাতীয় সড়ক আটকে ধরনায় বসেছিলেন। সেই আন্দোলনের জোরেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজ চেয়ারে বসার পর অতীতের সব ইতিহাস ভুলে গিয়েছেন। একজন স্বৈরাচারী শাসক যা যা করেন, তিনিও তাই করছেন। সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে অন্যায় করছেন।’

প্রসঙ্গত,বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী। মাত্র ২০ মিনিটের মধ্যে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। রাত ১২টা ১৬ মিনিটে পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চটিকে বেআইনি ঘোষণা করা হয়। রাত ১২টা ৩৬ মিনিট নাগাদ পুরো ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। নিমেষের মধ্যে শেষ হয়ে যায় ৮৪ দিনের আন্দোলন। ছিঁড়ে ফেলা হয় আন্দোলনকারীদের ফ্লেক্স, পোস্টার। টেট উত্তীর্ণদের এই আন্দোলন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

এদিন হাইকোর্টের নির্দেশের পর করুণাময়ী চত্বরে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। অনশনকারী টেট উত্তীর্ণ প্রার্থীদের অভিযোগ, তাঁদেরকে চ্যাংদোলা করে ধরনাস্থান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এইভাবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অনশন থেকে তুলে দেওয়ার বিষয়টি কতটা যুক্তিযুক্ত,তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে তোপ দেগেছেন।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু