Home » সুস্থ রয়েছে চিতা! ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর

সুস্থ রয়েছে চিতা! ভিডিও পোস্ট প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্কঃ খুশির খবর! রবিবার সকাল না হতেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের চিতামুক্তির একটি ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের টুইটার থেকেই চিতাদের ভিডিও পোস্ট করেন মোদী। যেখানে মনের আনন্দে ছুটে বেড়াতে দেখা যাচ্ছে তাদের। ইতিমধ্যেই তাদের আইসোলেশন পর্ব শেষ হয়ে গিয়েছে। কার্যত সেকারণেই এদিন দুটি চিতাকে ছেড়ে দেওয়া হয়েছে বড় এনক্লোজারে। সূত্রের খবর,প্রতিটি চিতাই সুস্থ রয়েছে। ধীরে ধীরে তারা ভারতীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেই সূত্রের খবর।

উল্লেখ্য,১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে নামিবিয়া থেকে আনা ৮টি চিতা ছাড়া হয়। ৭৪ বছর পর এই প্রথম দেশের কোনও অরণ্যে ছাড়া হয় চিতা। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রের খবর, আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে আরও ৫০টি চিতা ভারতে আনা হবে।

১৯৪৭ সালে,স্বাধীনতার পরই দেশের শেষ চিতাটির মৃত্যু হয় ছত্তিশগড়ের কোরিয়া জেলায়। সেই সময় ওই অঞ্চলটি মধ্যপ্রদেশের অন্তর্গত ছিল। রামানুজ প্রসাদ সিংহদেওর গুলিতে মারা পড়েছিল ভারতের শেষ চিতাটি। তার পাঁচ বছর পর অর্থাৎ ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। এরপর ২০০৯ সালে ভারতে এই পশুটিকে ফিরিয়ে আনার প্রকল্পটি শুরু হয়। গত বছরের নভেম্বর মাসেই আফ্রিকা থেকে চিতা নিয়ে আসার সিদ্ধান্ত হয়। কিন্তু করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণেই তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কুনোর পালপুর জাতীয় উদ্যানের আধিকারিকরা। এরপর ২০২১ সালের জানুয়ারিতে চিতা আনার জন্য সবুজ সংকেত মেলে সুপ্রিমকোর্ট থেকে। এবছর জানুয়ারিতে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র সিংহ ঘোষণা করেন যে, ভারতের অরণ্যে আবার ফিরতে চলেছে বিলুপ্ত হয়ে যাওয়া চিতা। মধ্যপ্রদেশের কুনোর জাতীয় উদ্যানটি ৭৫০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এটি চিতাদের থাকার জন্য আদর্শ স্থান বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা।

About Post Author