Home » কাশীপুরে উদ্ধার বোমা তৈরির উপকরণ সহ আগ্নেয়াস্ত্র,গ্রেফতার ২  

কাশীপুরে উদ্ধার বোমা তৈরির উপকরণ সহ আগ্নেয়াস্ত্র,গ্রেফতার ২  

সময় কলকাতা ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগেই জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত। রাজ্যজুড়ে চলছে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের বিশেষ অভিযান। আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত্রি জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।পুলিশ সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানাও। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ভাঙ্গড়ের নাটাপুকুর এলাকায় বিশেষ অভিযান চালায়। আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ।

এদিন পুলিশ এলাকায় অভিযান চালাতেই এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় পনেরো কেজিরও বেশি বোমা বানানোর বারুদ ও বোমা বানানোর সামগ্রী, পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্ধুক উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম নজরুল মোল্লা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,বোমা বানানোর সময়েই অভিযুক্ত নজরুল মোল্লা এবং তাঁর ছেলে শামসুদ্দিন রহমানকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। জানা গিয়েছে,ধৃত ওই ব্যক্তি নিজের বাড়িতেই বোমা তৈরির ব্যবসা খুলেছিল। বেশ কয়েকদিন ধরেই বোমা ছাড়াও অন্যান্য আগ্নেয়াস্ত্র তৈরির ব্যবসাও সে চালাচ্ছিল বলেই খবর। সে কারণেই বারুদ-সহ বোমা তৈরির উপকরণ, অন্যান্য যন্ত্রাংশ বাড়িতে মজুত করেছিল।ধৃতদেরকে বৃহস্পতিবার অর্থাৎ আজ বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করবে কাশীপুর থানার পুলিশ। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনও চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

About Post Author