Home » পর্যটন কেন্দ্রগুলির জন্য ট্যুরিস্ট পুলিশ চায় কেন্দ্র

পর্যটন কেন্দ্রগুলির জন্য ট্যুরিস্ট পুলিশ চায় কেন্দ্র

সময় কলকাতা ডেস্কঃ এবার পর্যটন কেন্দ্রগুলির জন্য ট্যুরিস্ট পুলিশ চায় কেন্দ্র। মোদি সরকার তাই চাইছে পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে আলাদা করে পর্যটক পুলিশের ব্যবস্থা করা হোক। কেননা এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে ২০২৪-এর নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলির জন্য ট্যুরিস্ট পুলিশ চায় কেন্দ্র।

এ বিষয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি পরিকল্পনা তৈরি করেছে। গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রককে সেই পরিকল্পনা জমা দিয়ে বলেছে, অবিলম্বে রাজ্য সরকারগুলির সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা সেরে নিতে। এই সম্মেলনে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া চিন সহ জি-২০ দেশের রাষ্ট্র নায়কেরা পাশাপাশি সেই সব দেশের বহু নাগরিক আগামী এক বছর ভারত ভ্রমণ করবেন। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতার মতো বড় শহর তো বটেই, দার্জিলিং, শিলং, সিমলা, শিলিগুড়ির মতো ছোট শহর মিলিয়ে দেশের ৫৫টি শহরে অনুষ্ঠিত হবে জি-২০ সংক্রান্ত নানা অনুষ্ঠান। ওই সব দেশ থেকে পর্যটকদের আনাগোনা তখন বেড়ে যাবে। বিদেশি পর্যটকদের দেশের দ্রষ্টব্য স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে।

আগামী বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। প্রথম ধাপে দেশের সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

About Post Author