Home » বাংলাদেশে বড়দিন পালন

বাংলাদেশে বড়দিন পালন

সময় কলকাতা ডেস্কঃ  রবিবার, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। তবে, বড়দিন শুধুই কি খ্রিষ্টানদের উত্সব? তা বললে ভুল হবে। গোটা বিশ্বই উত্সবে মেতে উঠেছে। তেমনই ভারতের পাশাপাশি বাংলাদেশেও বড়দিন উপলক্ষে সাজো সাজো রব। রাজধানী ঢাকার খ্রিস্টানদের ধর্মীয় আচার, আনন্দ, উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন হচ্ছে। ইতিমধ্যেই রাজধানীর তেজগাঁও, সদরঘাট ও কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে বিশ্ববাসীর মঙ্গল কামনা করে শনিবার রাতে হয় বিশেষ প্রার্থনা। রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের উপহার দেওয়া এবং স্বজনের সঙ্গে সাক্ষাৎ ছিল উৎসবের মূল আকর্ষণ। রবিবার সকাল থেকেই গির্জাগুলিতে চলে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও প্রার্থনা। এরপর কেক কেটে, মিষ্টি, চকলেট খেয়ে বাড়ি ফেরা। বাড়িতে বাড়িতে চলছে ভূরিভোজ, অতিথি আপ্যায়ন, আর সব শেষে ঘুরে বেড়ানো।

‘বড়দিন’ উদযাপন উপলক্ষে ঢাকাসহ সারা বাংলাদেশের গির্জাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাব ও পুলিশ। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বক্ষণ প্রস্তুত রয়েছে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বম্ব ডিস্পোজাল ইউনিট। ঢাকায় গুরুত্বপূর্ণ স্পটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। অনলাইনে মিথ্যা অপপ্রচার ও গুজব ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। গির্জাগুলিতে প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মানুষের সমৃদ্ধি কামনা করা হয়।

বড়দিন উপলক্ষে রবিবার সরকারি ছুটি। সরকারি-বেসরকারি রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রগুলো বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ।

About Post Author