Home » চিনে বাড়ছে করোনা উদ্বেগ

চিনে বাড়ছে করোনা উদ্বেগ

সময় কলকাতা ডেস্কঃ দেশজুড়ে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। যদিও, আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি শি জিনপিং সরকার। দেখানো হচ্ছে, সবটাই সাধারণ ফুসফুসের সংক্রমণ। এবার কোভিড বিধিতেও নিয়মের রাশ আলগা হয়েছে। আন্তর্জাতিক উড়ানে আগত যাত্রীদেরও কোনও নিয়ম মানতে হবে না। সেখানেও ছাড় দিয়েছে চিনা সরকার। বেজিং জানিয়েছে, করোনায় চিনের অর্থনীতি বিপর্যস্ত। এই সময় আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিলে ব্যবসা বাণিজ্য সব শিকেয় উঠবে। সে কারনেই ৮ জানুয়ারি থেকে নিয়মের রাশ আলগা হবে।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীদের শুধু ৪৮ ঘণ্টার মধ্যে করোনা আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট জমা দিতে হবে। তাছাড়া কোয়ারেন্টাইনে যাওয়ার দরকার নেই। উল্লেখ্য, এতদিন নিয়ম ছিল বাইরের দেশ থেকে চিনে ঢুকলে কোভিড টেস্টের পরে পাঁচদিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে যেতে হবে। সেক্ষেত্রে সরকারি কিছু হোম ও আইসোলেশন সেন্টারে যাত্রীদের রাখার ব্যবস্থা হয়েছিল। কিন্তু এখন সে নিয়ম তুলে নেওয়ার পরেই করোনা হু হু করে বাড়তে শুরু করেছে চিনে। কিন্তু তার মধ্যেও নিয়ম কড়া করতে রাজি নয় সরকার।

তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন,এই শীতেই করোনা নতুন করে আছড়ে পড়তে পারে।

About Post Author