সময় কলকাতা ডেস্ক,২ জানুয়ারিঃ হিজাব আন্দোলনকে কেন্দ্র করে ফের রক্তাক্ত ইরান। গত আড়াই মাস ধরে হিজাব ইস্যুতে আগুন জ্বলছে ইরানে। রবিবার ইরানের রাজধানী তেহেরান থেকে ৪৭০ কিলোমিটার দূরে সেমিরন ও ইসফাহান এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন হিজাব আন্দোলনকারীরা। এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি ও ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আন্দোলনকারীদের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এক নিরাপত্তারক্ষী। পরে হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে গত শুক্রবারই হিজাব ছাড়াই দাবা প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেল ইরানি মহিলা খেলোয়াড় সারা খাদেমকে। কাজাখস্তানের আলমাতায় শুরু হয়েছে এফআইডিই ওয়ার্ল্ড র্যাাপিড অ্যান্ড ব্লিৎজ চেস চ্যাম্পিয়নশিপ। সেখানে হিজাব ছাড়া ম্যাচ খেলতে নামেন সারা। তাঁর আগে এভাবেই হিজাব খুলে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইরানি পর্বতারোহী এলনাজ রেকাবি। দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
উল্লেখ্য,গত আড়াই মাস ধরে হিজাব ইস্যুতে আগুন জ্বলছে ইরানে। পুলিশের গুলি, নৃশংসতার মুখে দাঁড়িয়েও প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাচ্ছেন লক্ষাধিক মানুষ। পুলিশের গুলিতে জারি মৃত্যু মিছিল। ইতিমধ্যেই বহু মানুষকে মৃত্যুদন্ডের সাজা শুনিয়েছে ইরান সরকার। আন্তর্জাতিক মহলে যেমন তীব্র সমালোচনার মুখে পড়েছে ইরান সরকার। কিছুদিন আগেই ইরানের হিজাববিরোধী আন্দোলনের সমর্থনে পোস্ট করেছিলেন তারনেহ আলিদোস্তি নামে এক অস্কারজয়ী অভিনেত্রী। এই ঘটনার জেরেই ইরানের ওই ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিল তারনেহ। এবার তাঁর বিরুদ্ধে সোশ্য়াল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত তথ্য প্রকাশ করে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগ ছিল।
প্রসঙ্গত,ইরানে হিজাব ইস্যুতে আন্দোলন অব্যাহত। কার্যত সেকারণেই হিজাব আইনে কোনরকম পরিবর্তন আনা যায় কিনা, তা নিয়ে পর্যালোচনা শুরু করেছিল ইরান সরকার। ইতিমধ্যেই পার্লামেন্ট এবং বিচার বিভাগের সদস্যরা হিজাব আইন নিয়ে যাবতীয় কাজ শুরু করে দিয়েছেন বলেই জানিয়েছে তেহেরান। ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মনতাজেরি জানিয়েছেন,‘পার্লামেন্ট এবং বিচার বিভাগ একসঙ্গে কাজ করছে। হিজাব আইনে কোনও পরিবর্তনের প্রয়োজন আছে কিনা?সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে।সব কিছুই সংবিধানের নিয়ম মেনেই হবে।’ তবে হিজাব আইনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?