সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের হয়েছে এই মামলা। যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি জানিয়েছেন মামলাকারী বিজেপি নেতা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতি উত্তাল। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত বিডিও অফিস ঘেরাও চলছে। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে একাধিকবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোনও ক্ষেত্রে আবার সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়েছিল। প্রতি ক্ষেত্রে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠেছে। এবারও প্রধান মন্ত্রী আবাস যোজনা নিয়ে তালিকায় গরমিলের অভিযোগ উঠছে। এই সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। সেক্ষেত্রে বিচারপতি রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। আদৌ আবাস যোজনার তালিকায় সঠিক প্রাপকদের নাম থাকছে কিনা। সেক্ষেত্রে যাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে, সেটিকে আদালতে জমা দেওয়ার কথাও বলতে পারেন বিচারপতি। বিরোধীদের অভিযোগ, আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম থাকছে বিধায়কের আত্মীয়, স্থানীয় নেতৃত্ব কিংবা তাঁদের আত্মীয়দের। যাঁদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে, এ হেন একাধিক ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন বলে অভিযোগ। অথচ যাঁদের মাথার ওপর পাকা ছাদ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
উল্লেখ্য, কেন্দ্রের বিধি মেনে আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের নাম অনুমোদনের দিন শেষ হয়েছে ইতিমধ্যেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম জমা পড়েছে ১০ লক্ষ ১৯ হাজার পরিবারের। সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১১ লক্ষ ৩৬ হাজার। এখনও বাকি ১ লক্ষ ১৭ হাজার।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
পাটুলিতে শুট আউট, নিহত যুবক