সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ মঙ্গলবার দিল্লি থেকে উত্তরপ্রদেশে পৌঁছেছে কংগ্রেসের ভারতজোড়ো যাত্রা। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে বিজেপির অস্বস্তি আরও বেড়ে গেল। অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র সিং ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধিকে শুভেচ্ছা জানালেন। কংগ্রেস নেতাকে লেখা শুভেচ্ছা-চিঠিতে তিনি বলেছেন, ভারত জোড়ো যাত্রা এক মহৎ কাজ। শরীর ভাল থাকলে তিনি অবশ্যই এই যাত্রায় অংশ নিতেন। এদিনই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা উত্তরপ্রদেশ পৌঁছেছে।

উল্লেখ্য, বিজেপি ভারত জোড়ো যাত্রাকে প্রথম থেকেই ভারত তোড়োযাত্রা বলে কটাক্ষ করে আসছে। এই পরিস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের শুভেচ্ছা চিঠির রাজনৈতিক তাৎপর্য নিয়ে চর্চা শুরু হয়েছে। সত্যেন্দ্র সিং রাজনীতি সচেতন মানুষ হিসাবে পরিচিত। রাম মন্দিরের প্রধান পুরোহিত হলেও তিনি সরাসরি গেরুয়া শিবিরের লোক নন। রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যায় উচ্ছেদ অভিযান নিয়ে বারে বারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের কাছে উষ্মা প্রকাশ করেছেন।

১৯৯৩ সাল থেকে রামলালার পুজো করে আসছেন তিনি। পরে প্রধান পুরোহিত হন। নির্মীয়মাণ রাম মন্দিরের পাশেই অস্থায়ী মন্দিরে রামলালা বা শিশু রামের পুজো করেন তিনি। নতুন রাম মন্দির নির্মাণ সম্পন্ন হলে তিনি আর প্রধান পুরোহিতের ভূমিকায় থাকবেন কিনা তা নিয়ে জল্পনা আছে অযোধ্যার সাধু সমাজে। সেপ্টেম্বরে কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী। ২৪ ডিসেম্বর দিল্লিতে এসে শেষ হয় এই কর্মসূচির প্রথম পর্ব।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর