Home » বন্দে ভারতের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা রেলের

বন্দে ভারতের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা রেলের

সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারিঃ পাথর মেরে কাঁচ ভাঙার পর বন্দে ভারতের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া ব্যবস্থা নিল রেল। এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও তৈরি করা হল বিশেষ হোয়্যাটস অ্যাপ গ্রুপ। বুধবার শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের এসআরপি অফিসে জিআরপির সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এস. সেলভামুরুগান আরপিএফ ও জিআরপির আইসি ও ওসিদের সঙ্গে বন্দে ভারতের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। সেখানেই এই ট্রেনের সুরক্ষায় জিআরপির তরফে বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ বানানোর কথা বলা হয়েছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি ও ওসিরা। বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনগুলি পার করলেই সঙ্গে সঙ্গে পরিস্থিতির কথা জানানো হবে সেই গ্রুপে। এছাড়াও ঠিক হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে জিআরপির তরফে কয়েকজন কর্মী এনজেপি থেকে হাওড়া পর্যন্ত যাবেন।

উল্লেখ্য,মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়।

এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্ধে ভারত ট্রেনের যাত্রীরা। দুটি ঘটনায় জিআরপি এর তরফেও তদন্ত করা হচ্ছে। জিআরপির এসপি, এস সেলভামুরুগান জানান, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তাঁরা।

About Post Author