সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। সূত্রের খবর,বুধবার বিকালে কাবুলে বিদেশ মন্ত্রকের সামনে আত্মঘাতী হামলা হয়। আর এই বিস্ফোরণের জেরে এখন পর্যন্ত ২০ জন মারা গিয়েছেন বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহত আরও অনেকে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, এদিন বিদেশ মন্ত্রকের বাইরে যখন বিস্ফোরণ ঘটে তখন সেখানে চিনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলছিল। বিস্ফোরণের পর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলেও জানা গিয়েছে। অনেকের মতে, এর নেপথ্যে রয়েছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব। আবার তালিবান নেতৃত্বের সঙ্গে দায়েশ তথা আইসিস জঙ্গিদের সংঘাতও এই বিস্ফোরণের অনুঘটক হতে পারে বলে আশঙ্কা রয়েছে কূটনীতিকদের একাংশের।

এর আগে নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তান। সেসময় কাবুলের বায়ুসেনার ঘাঁটির কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আর এই বিস্ফোরণের জেরেই প্রাণ যায় বহু মানুষের। বিস্ফোরণের পর তদন্তের নির্দেশ দিয়েছিল তালিবান সরকার। তবে বিস্ফোরণের জেরে কতজনের মৃত্যু হয়েছে, তা তালিবানের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। এদিনের বিস্ফোরণের নেপথ্যে আইএসআইএস জঙ্গিদের হাত থাকতে পারে বলেই অনুমান তালিবান সরকারের।

প্রসঙ্গত,২০২২-এর শেষের দিকেও একবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল আফগানিস্তান। উত্তর আফগানিস্তানের সামানগাম প্রদেশের আয়বাক শহরের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় ১৯ জন পড়ুয়ার। গুরুতর আহত হয় আরও ২৮ জন পড়ুয়া। যদিও এই বিস্ফোরণের ঘটনা স্বীকার করে নিয়েছিলেন আফগানিস্তানের অন্তর্দেশীয় মন্ত্রী আবদুল নফি তাকোর। তবে,বিস্ফোরণের নেপথ্যে আইএসআইএস জঙ্গিদের হাত ছিল বলেই জানা গিয়েছে।

এদিকে পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। এর মধ্যেই সামনে এল ফের আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা। উল্লেখ্য, তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর আফগানদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে। কিছুদিন আগেও কাবুলের একটি মসজিদ-এ প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যার জেরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৬৫ জন। এমনকী মসজিদের ইমামেরও প্রাণ গিয়েছিল। তবে,বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত